বেতন দাবিতে আন্দোলনে বাংলামেইল কর্মীরা
বন্ধ হয়ে যাওয়া অনলাইন নিউজ পোর্টাল বাংলামেইল টোয়েন্টিফোর ডটকমের সংবাদকর্মীরা ঈদের আগে বকেয়া বেতনের দাবিতে আন্দোলনে নেমেছেন।
কোরবানির ঈদের ছুটি শুরু হওয়ার পরও প্রায় দুই মাসের বেতন না পেয়ে শুক্রবার সকালে নয়া পল্টনে স্কাউট ভবনে মালিকপক্ষ আজিম গ্রুপের কার্যালয়ের সামনে প্রায় ৫০ জন সংবাদকর্মী অবস্থান নেন।
রাত ৮টা পর্যন্ত সেখানে অবস্থানের কথা জানান অনলাইন পত্রিকাটির জ্যেষ্ঠ সহ-সম্পাদক রুদ্র হক।
কর্মীদের বেতন পরিশোধের বিষয়ে স্পষ্ট কিছু না বললেও পত্রিকাটির ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্বে থাকা আজিম গ্রুপের কর্মকর্তা সাহাদাত উল্লাহ খান বলছেন, ‘ভুল বোঝাবুঝি’ থেকে তাদের এই অবস্থান।
গত ৭ অগাস্ট প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়কে নিয়ে গুজব নির্ভর একটি খবর প্রকাশের পর থেকে বন্ধ আছে বাংলামেইল। সে সময় পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদকসহ শীর্ষ পর্যায়ের আরও দুজন কর্মকর্তাকে গ্রেপ্তার করেছিল পুলিশ। পরে জামিনে মুক্তি হন তারা।
বেতন দাবিতে আন্দোলনরত রুদ্র হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের জুলাই-অগাস্টের বেতন বাকি থাকা অবস্থায় সরকারের নির্দেশে বাংলামেইল টোয়েন্টিফোর ডটকম বন্ধ হয়ে যায়। কিন্তু মালিক পক্ষ কোনো পাওনা পরিশোধ করেনি।
“এ নিয়ে পত্রিকার মালিক সাবেক সংসদ সদস্য ফজলুল আজিমের সঙ্গে সাংবাদিক প্রতিনিধিদের বৈঠক হয়। তিনি বাকেয়া পরিশোধ করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিলেও তার বাস্তবায়ন হয়নি।
“এছাড়া ভারপ্রাপ্ত সম্পাদক সাহাদাত উল্লাহও কয়েকবার আশ্বাস দিলেও কোনো ফল আসেনি।”
এ বিষয়ে জানতে চাইলে সাহাদাত উল্লাহ রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বেতন নিয়ে কিছু ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে। ঈদের আগে আগামী শনিবারও আমাদের অফিস খোলা। দেখা যাক কী হয়।”
