ঢাকায় দুই শিশুর লাশ উদ্ধার
রাজধানীর সবুজবাগে পয়োঃনিষ্কাশন খাল এবং এক বাসার সেপটিক ট্যাংক থেকে দুই শিশুর লাশ উদ্ধার হয়েছে।
শুক্রবার সকালে দুই কিলোমিটারের ব্যবধানে শামীম হোসেন (১২) ও সাইক সাদাফ ইফতি (৫) নামের ওই দুই শিশুর লাশ উদ্ধার করা হয় বলে সবুজবাগ থানার ওসি আব্দুল কুদ্দুস ফকির জানান।
স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, শামীমের বাবা শফিক অটোরিকশার চালক। আর ইফতির বাবা ইব্রাহীম খলিল কাজ করেন দোহারে বিদ্যুৎ বিভাগে।
সবুজবাগ থানার এসআই জিয়াউর রহমান জানান, বৃহস্পতিবার পূর্ব বাসাবোতে বন্ধুদের সঙ্গে খেলতে গিয়ে শামীম পা পিছলে ওয়াসার খালে পড়ে যায়।
ফায়ার সার্ভিসের ডুবুরিরা শুক্রবার সকাল ৯টার দিকে ওই খাল থেকে শামীমের লাশ উদ্ধার করে বলে নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা মিজানুর রহমান জানান।
এদিকে ইফতির লাশ উদ্ধার করা হয় উত্তর মানিকদি এলাকার একটি বাসার সেপটিক ট্যাংক থেকে।
সবুজবাগ থানার এসআই বাবুল সরকার বলেন, “সেপটিক ট্যাংকের মুখ খোলা ছিল। ধারণা করা হচ্ছে, ইফতি খেলতে খেলতে ভেতরে পড়ে যায়।”
তবে ময়নাতদন্তের পরই মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে মন্তব্য করেন তিনি।
