২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধাপরাধ: নেত্রকোনার আঞ্জু-মঞ্জু-ছোরাপের তদন্ত শেষ

মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধ সংঘটনের অভিযোগে নেত্রকোনার তিন রাজাকারের বিরুদ্ধে তদন্ত শেষ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেল তদন্ত সংস্থা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2016, 02:13 PM

Updated : 20 Aug 2022, 01:38 PM

ধানমণ্ডিতে অবস্থিত কার্যালয়ে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তদন্ত সংস্থার প্রধান আব্দুল হান্নান খান এবিষয়ে জানান।

নেত্রকোনার এই তিনজন হলেন- শান্তি কমিটির সদস্য ও রাজাকার হেদায়েত উল্লাহ ওরফে মো. হেদায়েতুল্লাহ ওরফে আঞ্জু বিএসসি (৮০), রাজাকার এনায়েত উল্লাহ ওরফে মঞ্জু (৭০) ও রাজাকার সোহরাব ফকির ওরফে সোহরাব আলী ওরফে ছোরাপ আলী (৮৮)।

এদের মধ্যে দুই সহোদর আঞ্জু-মঞ্জু পলাতক, ছোরাপ কারাগারে রয়েছেন।

তিনজনেরই গ্রামের বাড়ি আটপাড়া থানার কুলশ্রীতে। তবে আঞ্জু থাকেন রাজশাহীর বোয়ালিয়া থানার হেতেম খাঁ মেথর পাড়ায়। অন্যদিকে ছোরাপ একই জেলার মদন থানার জাহাঙ্গীরপুরে থাকেন।

আসামিদের তিনজনই একাত্তরে জামায়াতের কর্মী ছিলেন। এদের মধ্যে আঞ্জু-মঞ্জু এখনো জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সংস্থার অন্যতম কর্মকর্তা মোহাম্মদ আবদুর রশিদ এই মামলার তদন্ত করেন।

২০১৫ সালের ৫ মে এই তিন ব্যক্তির বিরুদ্ধে তদন্ত শুরুর একবছর ৪ মাস ৩ দিন পর বৃহস্পতিবার তদন্ত সমাপ্তির ঘোষণা দেয় তদন্ত সংস্থা।

তদন্ত চলাকালে এই তিন জনের বিরুদ্ধে আটক, অপহরণ, নির্যা‌তন, লুণ্ঠন, অগ্নিসংযোগ, হত্যা, গণহত্যা ও দেশত্যাগে বাধ্যকরণের মতো অপরাধের সন্ধান পাওয়া গেছে; গ্রহণ করা হয়েছে ৪০ জনের সাক্ষ্য।

নেত্রকোনার আটপাড়া থানার মধুয়াখারী গ্রাম, মোবারকপুর গ্রাম, সুখারী গ্রাম এবং মদন থানার মদন গ্রামে সংঘটিত এসব অপরাধের ভিত্তিতে এই তিন আসামির বিরুদ্ধে ছয়টি অভিযোগ প্রস্তুত করা হয়েছে বলে আব্দুল হান্নান জানান।

আঞ্জু-মঞ্জু-ছোরাপের বিরুদ্ধে ৬ অভিযোগ

অভিযোগ ১: ১৯৭১ সালের ২৯ মে বেলা ১০/১১টার দিকে নেত্রকোণা জেলার আটপাড়া থানার মধুয়াখালী গ্রামে ২০-৩০টি ঘরে লুণ্ঠন ও অগ্নিসংযোগ;

অভিযোগ ২: ১৯৭১ সালের ২৩ অগাস্ট বেলা ১১টা থেকে নেত্রকোণা জেলার আটপাড়া থানার মোবারকপুর গ্রামের শহীদ মালেক তালকুদার ও কালা চান মুন্সিকে অপহরণ, হত্যা এবং লুণ্ঠন ও অগ্নিসংযোগ;

অভিযোগ ৩: ১৯৭১ সালের ৩০ অগাস্ট বেলা অনুমানিক ১২টা হতে বিকাল পর্যন্ত নেত্রকোনা জেলার মদন থানার মদন গ্রামের শহীদ হেলিম তালুকদারকে অপহরণ ও হত্যা এবং লুণ্ঠন ও অগ্নিসংযোগ;

অভিযোগ ৪: ১৯৭১ সালের ৩ সেপ্টেম্বর বেলা ১টা হতে রাত পর‌্যন্ত নেত্রকোণা জেলার আটপাড়া থানার সুখারী গ্রামের শহীদ দীনেশ চন্দ্র, শৈলেশ চন্দ্র, প্রফুল্ল বালা, মনোরঞ্জণ বিশ্বাস, দূর্গা শংকর ভট্টাচার্য, পলু দে, তারেশ চন্দ্র সরকারকে অপহরণ, গণহত্যা, লুণ্ঠন ও অগ্নিসংযোগ;

অভিযোগ ৫: ১৯৭১ সালের ৫ সেপ্টেম্বর রাত্রি বেলা নেত্রকোণা জেলার আটপাড়া থানার সুখারী গ্রামের সরকার পাড়ার বিধান কুমার সরকার (সজিব), বাদল চন্দ্র ঘোষকে স্বপরিবারে, কল্যাণী রাণী সরকার, জীবন চন্দ্র সরকার, প্রণতি সরকার, অজিতা বিশ্বাসসহ আরো হিন্দু পরিবার দেশত্যাগে বাধ্য করা;

অভিযোগ ৬: ১৯৭১ সালের ৬ সেপ্টেম্বর সকাল অনুমানিক ১০/১১টা থেকে দুপুর আনুমানিক ৩টা পর্যন্ত নেত্রকোণা জেলার মদন থানার মদন গ্রামের ১৫০-২০০ ঘরে লুণ্ঠন ও অগ্নিসংযোগ করার অপরাধ।

প্রাথমিকভাবে এদের বিরুদ্ধে এই ছয় অভিযোগের প্রমাণ পাওয়ায় গত ৮ ফেব্রুয়ারি গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। ওই দিনই সোহরাব ফকির গ্রেপ্তার হলেও বাকি দুজন এখনো পলাতক।