ছুটির আগেই ঈদযাত্রা শুরু
আনুষ্ঠানিকভাবে ছুটি শুরু না হলেও পরিবারের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে ঢাকা ছাড়তে শুরু করেছে রাজধানীবাসী।
ঈদের আগে রেলযাত্রা শুরু হয়েছে বুধবার বিকাল থেকেই। শেষ কর্মদিবস বৃহস্পতিবার সকালেও কমলাপুর স্টেশনে দেখা গেছে অন্য দিনের তুলনায় বেশি ভিড়।
যারা এবার ঈদ করতে গ্রামে যাবেন, তাদের একটি বড় অংশ বিকালে অফিস ছুটির পর ঢাকা ছাড়বেন বলে কথা বলে জানা গেছে।
বৃহস্পতিবার সকালে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে গিয়ে হাজার হাজার যাত্রীকে প্লাটফর্মে ট্রেনের অপেক্ষায় থাকতে দেখা যায়। দীর্ঘযাত্রা পেরিয়ে স্বজনদের সঙ্গে ঈদ উদযাপনের আশায় সেই ভিড় খুব একটা গ্রাহ্য করছেন না তারা।
পরিবারের সাত সদস্যকে নিয়ে রংপুর এক্সপ্রেসের নির্ধারিত প্ল্যাটফর্মে হাসিমুখে বসে থাকতে দেখা গেল মতিঝিলের গৃহবধূ রেবেকা বেগমকে।
উচ্ছ্বসিত ভঙ্গিতে তিনি বললেন, “গত কোরবানির ঈদে শেষ বাড়ি গিয়েছিলাম। এক বছর পর আবার যাচ্ছি।”
রেবেকা জানালেন, তার বাচ্চারা ছোট, আর ভারি ব্যাগ নিয়ে ঈদের ভিড়ে ঝামেলা হয় বলে এবার একটু আগেই রওনা হয়েছেন।
বৃহস্পতিবারের আগাম টিকেটের জন্য গত ২৯ অগাস্ট সন্ধ্যায় স্বামী আর বড় ছেলেকে নিয়ে লাইনে দাঁড়িয়েছিলেন রেবেকা, টিকেট মেলে পরদিন সকালে।
দীর্ঘসময় লাইনে দাঁড়িয়ে টিকেট কেনার ক্লান্তি ভুলে গেছেন মো. শাহজালালও। অপেক্ষা করছেন ট্রেনের, যা তাকে পৌঁছে দেবে রংপুরে, পরিজনদের কাছে।
“টিকিটের জন্য স্টেশনে রাত কাটিয়েছি। সকালে কাউন্টারের সামনে গিয়ে টিকিট পাই। বাড়িতে যাচ্ছি এটাই আনন্দ।”
বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ৫ নম্বর প্ল্যাটফর্মে দিনাজপুরগামী একতা এক্সপ্রেস এবং ৩ নম্বর প্ল্যাটফর্মে অগ্নিবীনা এক্সপ্রেসকে ছাড়ার অপেক্ষায় থাকতে দেখা যায়।
প্ল্যাটফর্মে আসার অপেক্ষায় ছিল রাজশাহী এক্সপ্রেস, ময়মনসিংহগামী ঈশা খাঁ এক্সপ্রেস, সিলেটগামী জয়ন্তিকা এক্সপ্রেস ও কিশোরগঞ্জ এক্সপ্রেস।
কেবল রংপুর এক্সপ্রেস নির্ধারিত সময়ে স্টেশনে আসেনি। সকাল ৯টায় ট্রেন ছাড়ার কথা থাকলেও সোয়া ১০টা পর্যন্ত কমলাপুরে দেখা যায়নি ট্রেনটিকে।
বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত ১৮টি ট্রেন কমলাপুর স্টেশন থেকে গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে গেছে বলে জানান এ কর্মকর্তা।
ঈদযাত্রায় প্রতিবছর ট্রেনের শিডিউল নিয়ে ভোগান্তি হলেও এবার পরিস্থিতি অন্যরকম বলে দাবি করেন এই কর্মকর্তা।
“সবগুলো ট্রেনই যাত্রীবোঝাই করে রওনা হয়েছে। বেশি ভিড় হচ্ছে উত্তরবঙ্গের ট্রেনে। খুলনাগামী ট্রেনেও যাত্রীর চাপ আছে,” বলেন তিনি।
দুপুরের পর কমলাপুর স্টেশন থেকে ছেড়ে যাওয়া ট্রেনগুলোয় ছিল উপচে পড়া ভিড়।
বিকাল ৩টায় রাজশাহীর সিল্কসিটি এক্সপ্রেস ছাড়ার কথা। কিন্তু আড়াইটার দিকে ট্রেনটি প্লাটফর্মে ঢুকতেই যাত্রীরা হুড়মুড়িয়ে ট্রেনে উঠে পড়ে। মুহূর্তেই ট্রেনের সবগুলো কামরা পূর্ণ হয়ে যায়। দরজা দিয়ে উঠতে না পেরে অনেকে জানালা দিয়ে ট্রেনে উঠেন। ওই ট্রেনের দরজার হাতলে ঝুলেও অনেককে যেতে দেখা গেছে।
সিল্কসিটি ট্রেনে করে ঈদ করতে রাজশাহী যাচ্ছেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের শিক্ষার্থী মাহমুদা বিনতে আক্তার। ট্রেনে উঠে নিজের নির্ধারিত আসনে বসতে তাকে বেশ বেগ পেতে হয়।
‘দেখি আমাদের সিটে আরেকজন বসে আছে। আমরা বলার পরও উঠছিল না। পরে অনেকটা ঝগড়া করে তাকে উঠাতে হয়েছে। স্ট্যান্ডিং টিকেট দেওয়ায় এই সমস্যা হয়েছে।’
বাংলাদেশে কোরবানির ঈদ হবে ১৩ সেপ্টেম্বর। ঈদের সরকারি ছুটি রোববার থেকে শুরু হলেও তার আগে শুক্র-শনি পড়ায় বৃহস্পতিবারই অফিস শেষ হচ্ছে।
রেল কর্তৃপক্ষ বলছে, এবার ঈদযাত্রায় রেলওয়ে প্রতিদিন ২ লাখ ৬০ হাজারের বেশি যাত্রী বহন করবে। কেবল কমলাপুর থেকেই ৩২টি আন্তঃনগরসহ ৬৯টি ট্রেনে দিনে প্রায় ৫০ হাজার যাত্রীকে বাড়িতে পৌঁছে দেবে।
চালু হল মোহনগঞ্জ এক্সপ্রেস
কমলাপুর স্টেশনে দুপুর ২টায় ঢাকা-মোহনগঞ্জ রুটের নতুন ট্রেন ‘মোহনগঞ্জ এক্সপ্রেস’ উদ্বোধন করেন রেলমন্ত্রী মুজিবুল হক। একটি প্রথম শ্রেণি ও একটি শীতাতপ নিয়ন্ত্রিত কোচসহ মোট ১৪টি কোচ থাকছে নতুন এ আন্তঃনগর ট্রেনে।
এর আগে কমলাপুর স্টেশনে এক সভায় রেলমন্ত্রী বলেন, “আমরা বাংলাদেশের সব জেলাকে রেল নেটওয়ার্কে আনতে কাজ করছি। এজন্য বেশ কিছু প্রকল্প নেওয়া হয়েছে।”
নতুন চালু হওয়া ট্রেনে করে ঈদযাত্রা করেছেন রাজধানীর একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা খায়রুন নাহার। আগে নেত্রকোণায় যাতায়াত খুবই কষ্টকর ছিল। এখন সে কষ্ট কাটবে এমন আশা তার।
“আমাদের বাড়ি নেত্রকোণা সদরে। আগে বাড়ি যাওয়া মানেই ছিল ভোগান্তি। পথে পথে যানজট, ভাঙা সড়ক। এখন থেকে এ সমস্যা থাকবে না। এজন্য খুবই খুশি লাগছে।”
নতুন ট্রেনগুলো চালুর ফলে নেত্রকোণা এলাকার উন্নয়ন বাড়বে বলে জানালেন ব্যবসায়ী এপোলো নাগ ঝন্টু।
“আমাদের ওই পথে রেলওয়ে বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল। হাওর এক্সপ্রেস এবং মোহনগঞ্জ এক্সপ্রেস চালু হওয়ায় আমাদের এলাকায় উন্নয়নের ছোঁয়া লাগবে। ব্যবসা বাণিজ্যের প্রসার হবে।”
