রবীন্দ্র-নজরুল-সুকান্ত জয়ন্তী উদযাপন
বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে রবীন্দ্র-নজরুল-সুকান্ত জয়ন্তী উদযাপন করেছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী ঢাকা মহানগর সংসদ।
বুধবার সন্ধ্যায় একাডেমির সঙ্গীত ও নৃত্যকলা মিলনায়তনে অনুষ্ঠানের শুরুতেই উদীচী ঢাকা মহানগর সংসদের সহ-সভাপতি এ এন রাশেদার সভাপতিত্বে শুরু হয় আলোচনা সভা।
এ পর্বে কাজী নজরুল ইসলামের জীবন, লেখনী ও আদর্শের উপর আলোচনা করেন নজরুল গবেষক তাহা ইয়াসিন।
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনবোধ, সাহিত্যকর্ম, শিল্পী সত্ত্বাসহ নানা দিক নিয়ে আলোচনা করেন উদীচী ঢাকা মহানগর সংসদের সাবেক সভাপতি কাজী মদিনা।
কিশোর কবি সুকান্ত ভট্টাচার্য্যের জীবনের বৈচিত্র্যময় নানা অধ্যায়, তার সাহিত্য চর্চার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক সফিউদ্দিন আহমেদ।
উদীচী কেন্দ্রীয় সংসদের সভাপতি কামাল লোহানী বলেন, “বাঙালির মানস গঠনে অপরিহার্য ভূমিকা রেখেছেন এই তিন মহান সাহিত্যিক।
এই তিন কবিকে ‘অসাম্প্রদায়িক ও সাম্যবাদী চেতনার আঁধার’ হিসেবে উল্লেখ করে উদীচী সভাপতি বলেন, “তিন কবির রচনা থেকে অনুপ্রেরণা নিয়েই বাঙালির ভবিষ্যত লড়াই সংগ্রামে জয়ী হওয়ার ব্রত নিতে হবে।”
আলোচনা পর্বের পর শুরু হয় সাংস্কৃতিক পরিবেশনা।
এ পর্বের শুরুতেই “নীল অঞ্জন ঘন কুঞ্জ ছায়ায় সম্বৃত অম্বর” গানটির সাথে দলীয় নৃত্য পরিবেশন করেন উদীচীর নৃত্যশিল্পীরা। এরপর একে একে দলীয় পরিবেশনা নিয়ে মঞ্চে আসেন উদীচী মিরপুর ও উত্তরা শাখার শিল্পীরা। ছিল একক গান ও আবৃত্তি পরিবেশন।
এছাড়া কাজী নজরুল ইসলামের গান ‘নাচের নেশায় ঘোর লেগেছে নয়ন পড়ে ঢুলে’-এর সঙ্গে দলীয় নৃত্য পরিবেশিত হয়।
