ধ্বংস নয়, সৃষ্টিশীল কাজ করতে তরুণদের প্রতি তারানার আহ্বান
ধ্বংসাত্মক নয়, সৃষ্টিশীল কাজে নিজেদের সৃজনশীলতাকে প্রয়োগ করতে তরুণদের প্রতি আহ্বান জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।
‘সোশ্যাল গুড সামিট ২০১৬’ উপলক্ষে বুধবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
‘কানেক্টিং টুডে, ক্রিয়েটিং টুমরো’ শ্লোগান নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ও একসেস টু ইনফরমেশন (এটুআই) যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।
বক্তব্যে প্রতিমন্ত্রী তারানা হালিম বলেন, “তরুণরা এদেশের মুক্তিযুদ্ধে যেমন নেতৃত্ব দিয়েছে তেমনিভাবে দেশের সংকটের সময়ও তাদের এগিয়ে আসতে হবে।
“তরুণদের সৃজনশীল জ্ঞানকে ধ্বংসের কাজে ব্যবহার না করে সৃষ্টিশীল কাজে প্রয়োগ করতে হবে।”
তরুণদের উদ্দেশে তিনি বলেন, “শুধু ক্লাসের মধ্যেই মেধার চর্চাকে সীমাবদ্ধ না রেখে তার প্রায়োগিক ফলাফল সবার মাঝে ছড়িয়ে দিতে হবে।”
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকের সভপতিত্বে সভায় অন্যদের মধ্যে ইউএনডিপি’র বাংলাদেশের আবাসিক প্রতিনিধি নিক বেরেস্ফোর্ড ও বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক মফিজুর রহমান বক্তব্য দেন।
