২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিনামূল্যের বইয়ের মান খারাপ হলে ‘জরিমানা’

অন্যবারের মতো এবারও বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হবে বলে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2016, 07:54 PM

Updated : 25 Jul 2022, 09:30 PM

আর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার বলছেন, বিনামূল্যে বিতরণের বইয়ের মান ঠিক না থাকলে জরিমানা গুণতে হবে মুদ্রাকর ও প্রকাশকদের।

২০১৭ সালের প্রাক-প্রাথমিক থেকে শুরু করে মাধ্যমিক স্তরের স্কুল, মাদরাসা ও কারিগরি প্রতিষ্ঠানের চার কোটি ২৬ লাখ ৩৬ হাজার শিক্ষার্থীর মধ্যে ৩৬ কোটি ২২ লাখ ৩৪ হাজার বই বিনামূল্যে বিতরণ করবে সরকার।

বছরের প্রথম দিন সারা দেশে পাঠ্যপুস্তক উৎসব করে শিক্ষার্থীদের হাতে ২০০৯ সাল থেকে বিনামূল্যে নতুন বই তুলে দেওয়া হচ্ছে।

আগামী বছর প্রাক-প্রাথমিক, প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের বিনামূল্যের পাঠ্যপুস্তক ছাপানো ও উপজেলা পর্যায়ে পৌঁছানোর অগ্রগতি নিয়ে বুধবার জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) গিয়ে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন শিক্ষামন্ত্রী।

এসময় এনসিটিবি কর্মকর্তারা মন্ত্রীকে জানান, বিনামূল্যে বিতরণের পাঁচ কোটি বই ইতোমধ্যে উপজেলা পর্যায়ে পাঠানো হয়েছে, অবশিষ্ট বই নির্ধারিত সময়ের মধ্যেই পাঠানো হবে।

এবার প্রথমবারের মতো পাঁচটি উপজাতীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষায় প্রাক-প্রাথমিকের বই ছাড়াও দৃষ্টি প্রতিবন্ধীদের ব্রেইল বই দেওয়া হবে। এর বাইরে শ্রেণিশিক্ষা কার্যক্রমে সহায়তায় শিক্ষকরা বিষয়ভিত্তিক শিক্ষক নির্দেশিকা পাবেন বলেও এনসিটিবি কর্মকর্তারা জানান।

বিনামূল্যের পাঠ্যপুস্তক ছাপানোর কাজের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন নাহিদ বেঁধে দেওয়া সময়ের মধ্যে বই ছাপানোর কাজ শেষ করতে এনসিটিবির চেয়ারম্যানকে নির্দেশ দেন।

এছাড়া বিনামূল্যের পাঠ্যপুস্তকের যথাযথ মান নিশ্চিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ওপরও জোর দেন মন্ত্রী।

এদিকে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনের পর সাংবাদিকদের প্রশ্নে ফিজার জানান, আগের বছরের থেকে এবার প্রাথমিকের বইয়ের দাম বেশি পড়েছে।

দাম বেশি পড়ার পরেও প্রাথমিকের বইয়ের মান ঠিক থাকবে কি না- এমন প্রশ্নে মন্ত্রী বলেন, “বই না পাওয়ার আগেই আমি কেমন করে বুঝব মান ভালো হল নাকি মন্দ হল। বই আমার হাতে আসুক, প্রি-ইন্সপেকশন, পোস্ট-ইন্সপেকশন যখন হবে তখন আমরা এটা বুঝতে পারব।

“যদি কোয়ালিটিতে কোনো প্রকার ভেরিয়েশন হয় সেটার জন্য ক্ষতিপূরণ নির্ধারণের সুযোগ আছে, আমরা সেটা করতে পারব।”

মুদ্রাকর ও প্রকাশকদের কাছ থেকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় দেড় কোটি টাকা জরিমানা আদায় করেছে বলেও জানান গণশিক্ষা মন্ত্রী।