২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বাল্যবিয়ে প্রতিরোধে ফের আসছে ‘রেড কার্ড’ প্রচারণা

বাল্যবিয়ে ও যৌন হয়রানি প্রতিরোধে স্কুল পর্যায় থেকে প্রচারণা শুরু করতে যাচ্ছে সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2016, 01:32 AM

Updated : 20 Aug 2022, 01:37 PM

মঙ্গলবার সরকারের উপজেলা গর্ভন্যান্স প্রকল্প থেকে এক বিবৃতিতে জানানো হয়, বাল্যবিয়ের ক্ষতিকর দিক সম্পর্কে জনসচেতনতা বাড়াতে বুধবার থেকে ‘রেড কার্ড ক্যাম্পেইন’ শুরু করতে যাচ্ছেন তারা।

প্রকল্প থেকে বাল্যবিয়ে ও যৌন হয়রানির বিষয়ে বিভিন্ন স্লোগান নিয়ে এই ‘রেড কার্ড’ প্রচারণা সাজানো হয়েছে। এ ধরনের সামাজিক ব্যাধি প্রতিরোধে স্থানীয় প্রশাসন থেকে সহযোগিতার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যানের দুটি হটলাইন নম্বর চালু করা হচ্ছে।

প্রকল্পের আওতায় কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, সিরাজগঞ্জ, খুলনা, বরগুনা, সুনামগঞ্জ এবং রংপুর এই সাত জেলার ৬৫টি উপজেলার ১৯৫টি হাই স্কুলে এই ক্যাম্পেইন চলবে।

এর মাধ্যমে বাল্যবিয়ে ও যৌন হয়রানির বিষয়ে প্রায় দেড় লাখ ছাত্রছাত্রী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে প্রচারণা পৌঁছে দেওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

সিরাজগঞ্জের কামারকান্দি উপজেলার জামতৈল ধোপাকান্দি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে বুধবার এই ক্যাম্পেইন আনুষ্ঠানিকভাবে শুরু হবে।

ক্যাম্পেইনের আওতায় স্কুলগুলোতে বাল্যবিয়ে ও যৌন হয়রানির কুফল এবং এর থেকে বের হয়ে আসার বিষয়ে দিনব্যাপী কর্মশালা এবং ছাত্রছাত্রী, শিক্ষক, অভিভাবক, সরকারি কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও জনসাধারণের সঙ্গে আলোচনা করা হবে।

কর্মশালা শেষে শিক্ষার্থীদের মাঝে ‘রেড কার্ড’ বিতরণ এবং এসব ইস্যুতে লড়াইয়ের জন্য তাদের শপথ করানো হবে।

এছাড়া বাল্যবিয়ে ও যৌন হয়রানির মতো সামাজিক ব্যাধি রুখতে প্রতি স্কুলে একটি করে অভিযোগ বাক্স রাখা এবং স্কুল পর্যায়ের প্রতিরোধ কমিটি গঠন করা হবে।

উচ্চ হারে বাল্যবিয়ের কারণে বাংলাদেশ বিশ্বে সমালোচিত। সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী দেশে বাল্যবিয়ের হার ২০১১ সালের ৬৫ শতাংশ থেকে ২০১৪ সালে ৫৯ শতাংশে নেমে এসেছে, যা সাম্প্রতিক দশকগুলোর মধ্যে বড় অর্জন।

ইউরোপিয়ান ইউনিয়ন, সুইটজারল্যান্ড, ইউএনডিপি এবং ইউএনসিডিএফের কারিগরী ও আর্থিক সহায়তায় বাল্যবিয়ে ও যৌন হয়রানির বন্ধের এই কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

এর আগে ২০১৫ সালে উপজেলা গর্ভন্যান্স প্রকল্পের আওতায় নির্বাচিত সাতটি জেলার ৬৫ উপজেলার ১৩০টি হাই স্কুলে একই প্রচারণা চালানো হয়।