২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জঙ্গিদের জন‌্য খালেদার দরদের রহস‌্য কী: হাসিনা

জঙ্গি আস্তানায় পুলিশের অভিযান নিয়ে খালেদা জিয়ার প্রশ্ন তোলার পরিপেক্ষিতে জঙ্গিদের সঙ্গে তার সংশ্লিষ্টতার ইঙ্গিত করেছেন শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2016, 10:10 PM

Updated : 12 Apr 2022, 02:49 AM

তিনি মঙ্গলবার গণভবনে আওয়ামী লীগের এক সভায় বলেছেন, “তারা গুলি খেল কেন- এই মায়াকান্না কাঁদছে খালেদা জিয়া। কেন জঙ্গিদের মারা হল? তার জন্য মায়াকান্না। এটা খুঁজে বের করতে হবে, এদের জন্য এত টান কেন? এর রহস্য কী?”

গুলশান হামলার পর আইন-শৃঙ্খলা বাহিনীর জঙ্গি দমন অভিযানে হতাহত নিয়ে প্রশ্ন তুলে আসছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

সম্প্রতি তিনি বলেন, “তাদেরকে (জঙ্গি) গুলি করে মেরে ফেলা হয়। কেন গুলি করে মেরে ফেলা হয়? কারণটা কী? এর ভেতরে রহস্য নিশ্চয়ই আছে।”

জঙ্গিদের নিয়ে খালেদা জিয়ার বক্তব‌্যের পাল্টায় আওয়ামী লীগকে ক্ষমতা থেকে হটাতে বিএনপি-জামায়াত জোটের আন্দোলনে নাশকতার বিষয়টি তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

“জঙ্গিদের সঙ্গে কী সম্পর্ক তার (খালেদা জিয়া)? এতদিন মানুষ পুড়িয়ে মেরেছে। এখন জঙ্গি দিয়ে হত্যা.. এটাই তার রাজনীতি।”

এজন‌্য বিএনপি চেয়ারপারসনকে বিচারের মুখোমুখি করার কথাও বলেন আওয়ামী লীগ সভানেত্রী।

“জনগণকে যারা হত্যা করবে, জীবনযাত্রা ব্যাহত করবে, তাদের বিচার অবশ্যই হবে…একেবারে ডাইনির মতো হুকুম দিয়ে মানুষ পুড়িয়ে পুড়িয়ে হত্যা করল, এদের বিচার হবে না? যারা মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলবে, তাদের বিচার হবে না?”

অভিযানে হতাহত আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী বলেন, “পুলিশ যখন ধরতে যায়, তারা (জঙ্গি) গুলি খেয়ে মারা যায়।

“এরা যদি ধরা না পড়ত। এদের যদি এভাবে গুলি করে না না মারত, তাহলে এরা কতজনকে হত্যা করত?”

গুলশানে হলি আর্টিজান বেকারিতে অভিযানে হামলাকারীদের মারার পর সম্প্রতি ঢাকার কল্যাণপুর, রূপনগর ও নারায়ণগঞ্জে পুলিশের অভিযানে চিহ্নিত ১৩ জঙ্গি নিহত হয়।

খালেদা জিয়ার দাবি, গ্রেপ্তার করে বিচারের কাঠগড়ায় দাঁড় না করিয়ে জঙ্গিদের মেরে ফেলার ‘নাটক’ করছে সরকার।

পুরনো খবর:

অরাজকতা নয়, শান্তিপূর্ণভাবে এগোতে হবে: খালেদা