২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজার পৌরসভার সাবেক মেয়রের নাশকতার ৩ মামলা চলবে

নাশকতার অভিযোগে কক্সবাজার পৌরসভার সাবেক মেয়র সরোয়ার কামালের বিরুদ্ধে দায়ের করা তিনটি মামলা বাতিল করে দেওয়া হাই কোর্টের রায় খারিজ করে দিয়েছে আপিল বিভাগ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2016, 09:36 PM

Updated : 20 Aug 2022, 01:36 PM

রাষ্ট্রপক্ষের করা তিনটি আবেদন নিষ্পত্তি করে দিয়ে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চ মঙ্গলবার এই আদেশ দেয়।

সহকারী অ্যাটর্নি জেনারেল বশির আহমেদ আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন; সরোয়ার কামালের পক্ষে ছিলেন আইনজীবী মো. ইদ্রিসুর রহমান।

পরে বশির আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ট্রাইব্যুনালে সাঈদীর বিচারের চূড়ান্ত পর্যায়ে এসে কক্সবাজারে সন্ত্রাস, পুলিশের ওপর আক্রমণ, বিস্ফোরক দ্রব্য বহন ও হামলার ঘটনা ঘটে।

এসব ঘটনায় দায়ের করা তিনটি মামলায় পুলিশ অভিযোগপত্রও দেয় জানিয়ে তিনি বলেন, “এরপর মামলা বাতিলের আবেদন নিয়ে সারোয়ার কামাল হাই কোর্টে আসে। হাই কোর্ট প্রথমে রুল দেয়। পরে রুল শুনানি করে মামলা বাতিল করে দেয়।

“এই রায়ের বিরুদ্ধে আমরা আপিল বিভাগে গেলাম। সর্বোচ্চ আদালত আমাদের লিভ টু আপিল নিষ্পত্তি করে হাই কোর্টের রায় বাতিল করে দেয়।”

গত ১১ এপ্রিল হাই কোর্ট সরোয়ার কামালের বিরুদ্ধে ওই তিন মামলা বাতিল করে রায় দিয়েছিল।

মামলার নথি থেকে জানা যায়, ২০১৩ সালের ১৫ ফেব্রুয়ারি জামায়াত-শিবির ‘মাওলানা সাঈদি মুক্তি পরিষদ’র ব্যানারে কক্সবাজার শহরে ব্যাপক তাণ্ডব চালায়। এতে তিন জন নিহত এবং অনেকেই আহত হন। পুলিশ এই ঘটনায় হত্যা, অস্ত্র ও বিস্ফোরক এবং সন্ত্রাস দমন আইনে তিনটি মামলা দায়ের করে।

২০১৪ সালের নভেম্বরে এই তিন মামলায় অভিযোগপত্রও দেওয়া হয়।

এসব মামলার অভিযোগপত্রে নাম আসা সারোয়ার কামাল আশির দশকে শিবিরের মনোনয়নে কক্সবাজার সরকারি কলেজের ভিপি হয়েছিলেন।