জামিনে মুক্তির পর বারডেমে শফিক রেহমান
জামিনে মুক্তি পাওয়ার পর ঢাকার বারডেম হাসপাতালে ভর্তি হয়েছেন যায়যায়দিন পত্রিকার সাবেক সম্পাদক শফিক রেহমান।
তার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ‘ধানের শীষ’ পত্রিকার সম্পাদক সাখাওয়াত হোসেন সায়ান্থ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শফিক রেহমানের ডায়াবেটিসের মাত্রা বেশি হওয়ায় তিনি অসুস্থ।”
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে ‘অপহরণ ও হত্যা র ষড়যন্ত্রের’ মামলায় আপিল বিভাগ থেকে জামিন পাওয়ার পাঁচদিন পর মঙ্গলবার দুপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে শফিক রেহমান মুক্তি পান।
ডা. সাখাওয়াত বলেন, “বিকাল পৌনে চারটার দিকে কাশিমপুর কারাগার থেকে সরাসরি তাকে বারডেমে আনা হয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক একে আজাদ খানের তত্ত্বাবধায়নে তার চিকিৎসা চলছে।”
জামিন খারিজ করে দেওয়া হাই কোর্টের আদেশের বিরুদ্ধে শফিক রেহমানের করা আপিল মঞ্জুর করে গত ৩১ অগাস্ট প্রধান বিচারপতি এস কে সিনহা নেতৃত্বাধীন পাঁচ বিচারকের বেঞ্চ তাকে জামিন দেয়।
পাসপোর্ট জমা দেওয়ার শর্তে তিন মাসের জন্যচ অথবা ওই মামলায় পুলিশ প্রতিবেদন হওয়া পর্যন্ত তিনি জামিনে থাকতে পারবেন।
জয়কে যুক্তরাষ্ট্রে ‘অপহরণের লক্ষ্যে’ তার সম্পর্কে তথ্য পেতে এফবিআইয়ের এক এজেন্টকে ঘুষ দেওয়ায় দেশটির আদালতে গত বছর প্রবাসী এক বিএনপি নেতার ছেলের কারাদণ্ড হয়। সেই রায়কে কেন্দ্র করেঢাকায় করা এক মামলায় গত ১৬ এপ্রিল যায়যায়দিন পত্রিকার সাবেক সম্পাদক শফিক রেহমানকে গ্রেপ্তার করা হয়।
রাজধানীর ইস্কাটনের বাসা থেকে গ্রেপ্তারের পর দুই দফায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় বিএনপিঘনিষ্ঠ এই সম্পাদককে।
