২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিনামূল্যে স্বাস্থ্যসেবায়  ড‌্যাব

সাধারণ ও গরীব মানুষদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ওষুধ দিয়েছে বিএনপি সমর্থিত চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ- ড্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জ‌্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2016, 04:15 PM

Updated : 20 Aug 2022, 01:36 PM

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও জ‌্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ‘নবম কারামুক্তি দিবস’ উপলক্ষে রোববার সকাল ৯টা থেকে দিন্যাপী এই কর্মসূচির আয়োজন করা হয় রাজধানীর নয়া পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায়।

সেখানে ড্যাবের বিশেষজ্ঞ চিকিৎসকরা বিভিন্ন রোগীর স্বাস্থ্য পরীক্ষা ও ব্যবস্থাপত্র দেন; রোগীদের দেওয়া হয় প্রয়োজনীয় ওষুধ। আয়োজন ছিল স্বেচ্ছায় রক্তদানেরও।

২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি সরকার আমলে ‘দুর্নীতির’ জন্য সমালোচিত তারেক রহমানকে ২০০৭ সালে জরুরি অবস্থা জারির পর গ্রেপ্তার করা হয়। 

২০০৮ সালের ৩ সেপ্টেম্বর জামিনে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য সপরিবারে লন্ডন যাওয়ার পর থেকে সেখানেই রয়েছেন তিনি।

আর এক বছর ৭ দিন আটক থাকার পর একই বছরের ১১ সেপ্টেম্বর সংসদ ভবনের বিশেষ কারাগার থেকে জামিনে মুক্তি পান সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।

তাদের কারামুক্তি উপলক্ষে দুপুরে বিএনপি কার্যালয়ে ওই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন দলটির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ।

তিনি বলেন, “গরীবদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান- এটা হলো বিএনপির অন্যতম আর্দশ। এ দল  জনগণের দল, সাধারণ মানুষের দল। যে কোনো বিপর্য্য় আসুক না কেন, যত মামলা-মোকাদ্দমা আসুক না কেন, যতই নির্যাতন-খুন-অপহরণ হউক না কেন, আমাদেরকে বিএনপিকে নিশ্চিহ্ন করা যাবে না।”

এসময় অন‌্যদের মধ‌্যে ড্যাবের মহাসচিব অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক সিরাজউদ্দিন আহমেদ, আবদুল কুদ্দুস, সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম বাচ্চু, মো. রফিকুল ইসলাম, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য অধ্যাপক আবদুল মান্নান মিয়া, সাইফুল ইসলাম সেলিম ও শফিউল্লাহ উপস্থিত ছিলেন।