কাসেম পরিবারকে দেখা করতে ‘ডেকেছে’ কারা কর্তৃপক্ষ
যুদ্ধাপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত মীর কাসেম আলীর সঙ্গে সাক্ষাতের জন্য কারা কর্তৃপক্ষ পরিবারের সদস্যদের ডেকেছে।
কাসেমের মেয়ে সুমাইয়া রাবেয়া শনিবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদেরকে বিকাল সাড়ে ৩টায় কাশিমপুর কারাগারে যেতে বলা হয়েছে।”
এরপর বেলা সাড়ে ১২টার দিকে তারা কাশিমপুরের পথে রওনা হন।
জামায়াতের অর্থের যোগানদাতা হিসেবে পরিচিত কাসেম শুক্রবার প্রাণভিক্ষা না চাওয়ার সিদ্ধান্ত জানিয়ে দেওয়ায় তার ফাঁসি কার্যকর করতে এখন কেবল সরকারের সিদ্ধান্তের অপেক্ষা।
নিয়ম অনুযায়ী মৃত্যুদণ্ড কার্যকরের আগে আসামির সঙ্গে শেষবার দেখা করতে দেওয়া হয় পরিবারের সদস্যদের।
মুক্তিযুদ্ধকালীন চট্টগ্রামের ত্রাস কাসেমকে কখন, কোথায় ফাঁসিতে ঝোলানো হবে, সে বিষয়ে সরকারের তরফ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা শনিবার সকাল পর্যন্ত আসেনি। তাবে কাশিমপুর কারাগার কর্তৃপক্ষ জানিয়েছে, সব প্রস্তুতিই নিয়ে রেখেছে তারা।
কাসেমের এক আত্মীয় জানিয়েছেন, যারা কারাগারে দেখা করতে যাবেন, তাদের জাতীয় পরিচয়পত্র সঙ্গে নিতে বলা হয়েছে।
জামায়াতের মজলিসে শুরা সদস্য মীর কাসেমকে একাত্তরে যুদ্ধাপরাধের দায়ে ২০১৪ সালে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। চলতি বছর মার্চে আপিল বিভাগেও সেই রায় বহাল থাকায় তিনি রিভিউ আবেদন করেন।
আপিল বিভাগ গত মঙ্গলবার রিভিউ আবেদন খারিজ করে দিলে কাসেমের মামলার সব বিচারিক প্রক্রিয়ার পরিসমাপ্তি ঘটে। কাশিমপুর কারাগার-২ এর জেল সুপার প্রশান্ত কুমার বণিক শুক্রবার জানান, মীর কাসেম রাষ্ট্রপতির কাছে প্রণভিক্ষা চাইবেন না বলে জানিয়েছেন।
এরপর শুক্রবার বিকাল থেকেই কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের বাইরে নিরাপত্তা জোরদার করা হয়। টহল জোরদারের পাশাপাশি বসানো হয় চেকপোস্ট।
মীর কাসেমের ফাঁসির দণ্ড কার্যকর করতে প্রাথমিক মহড়া দেওয়ার পাশাপাশি সব প্রস্তুতিই নেওয়া হয়েছে বলে কারাগারের একজন কর্মকর্তা জানান।
তেষট্টি বছর বয়সী মীর কাসেম হলেন ষষ্ঠ যুদ্ধাপরাধী, যার সর্বোচ্চ সাজার রায় কার্যকরের পর্যায়ে এসেছে।
এর আগে একই অপরাধে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল কাদের মোল্লা ও মুহাম্মদ কামারুজ্জামান, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী এবং জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকর করেছে কারা কর্তৃপক্ষ।
