২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চিত্রকর্মে মিশরীয় সভ্যতার গল্প

সমকালীন এগারো শিল্পী প্যাপিরাসের ক্যানভাসে ফুটিয়ে তুলেছেন মিশরীয় সভ্যতার নানা গল্প; আর তাদের আঁকা সেসব চিত্রকর্ম নিয়ে রাজধানীর গ্যালারি টুয়েন্টি ওয়ানে শুরু হলো সপ্তাহব্যাপী চিত্রকর্ম প্রদর্শনী ‘প্যাপিরাস’।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2016, 09:34 PM

Updated : 11 Oct 2022, 08:40 PM

শুক্রবার সন্ধ্যায় প্রদর্শনীর উদ্বোধন করেন বাংলাদেশে মিশরীয় দূতাবাসের শার্জ দ্য অ্যাফেয়ার্স আহমেদ জাকি; সঙ্গে ছিলেন অগ্রজ চিত্রশিল্পী সমরজিৎ রায় চৌধুরী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন।

প্রদর্শনী উদ্বোধন করে আহমেদ জাকি বলেন, “বাংলাদেশের শিল্পীরা কত নিপুণ দক্ষতায় মিশরীয় সভ্যতার গল্পটি বলেছেন। এখানে এসে মনে হচ্ছে, নিজের দেশেই এসে পড়লাম।”

বাংলাদেশ-মিশরের কূটনৈতিক, রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নের পাশাপাশি এবার সাংস্কৃতিক সম্পর্ক উন্নয়নের ব্যাপারে ‘আরও বেশি কাজ করা হবে’ বলে মন্তব্য করেন তিনি।

“বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্যকে মিশরেও উপস্থাপন করতে চাই আমরা। আমরা সেক্ষেত্রে একযোগে কাজ করবো। রাজনীতি-অর্থনীতির পাশাপাশি সংস্কৃতির ব্যাপারেও কাজ করার সময় হয়েছে।”

অধ্যাপক নিসার হোসেন বলেন, “চারুকলা অনুষদের পড়তে এসে শিক্ষার্থীদের বিশ্ব সভ্যতা পড়তে হয়। সেখানে মিশরীয় সভ্যতা এক বড় অংশ জুড়ে থাকে। বাংলাদেশের শিল্পীদের কাজে মিশরের হাজারো বছরের ঐতিহ্য তাই ভীষণ চেনা।”

প্রদর্শনী ঘুরে দেখে চারুকলার এই অধ্যাপক বলেন, “প্যাপিরাস ক্যানভাসে নতুন ধারণার সঙ্গে শিল্পীদের নতুন উদ্ভাবন, স্বকীয়তাবোধের সঙ্গে পরিচিত হবে দর্শক। আমি মনে করি, সমসাময়িক প্রেক্ষাপটে শিল্পকলার ক্ষেত্রে এ এক নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিল।”

সমরজিৎ রায় চৌধুরী বলেন, “প্রদর্শনীতে এসে আমি যেন প্যাপিরাসের গন্ধ পাচ্ছি।”

গ্যালারি টুয়েন্টি ওয়ানের নির্বাহী পরিচালক শামীম সুব্রানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এগারো শিল্পী ২০১৫ সালে মিশর সফরে যান। নীলনদের দেশটি ঘুরে এসে সেদেশের প্রাচীন সভ্যতার নিদর্শন ও সমসাময়িক শিল্পকলার গল্পগুলোকে প্যাপিরাসের ক্যানভাসে আঁকবেন বলে ইচ্ছা পোষণ করেন।”

সুব্রানা জানান, তাদের আঁকা নানা ছবি নিয়ে মিশরের আহমেদ শওকি জাদুঘরে একটি প্রদর্শনী হয়েছে। তারপর দেশে এসে মিশর ভাবনার গল্প নিয়ে তারা আবারও নতুনভাবে ছবি আঁকেন। সেসব ছবি নিয়েই সাজানো হয়েছে ‘প্যাপিরাস’ প্রদর্শনীটি।

প্রদর্শনীতে অংশ নেওয়া এগারো শিল্পী হলেন, অধ্যাপক মাহমুদুল হক, অধ্যাপক নাসরিন বেগম, অধ্যাপক রোকেয়া সুলতানা, রেজাউন নবী, আফরোজা জামিল কঙ্কা, সোহানা শাহরীন, শামীম সুব্রানা, মাহবুবুল ইসলাম বাবু, বিপাশা হায়াৎ, মাকসুদা ইকবাল নিপা, গোলাম ফারুক স্বপন।

শিল্পীরা প্যাপিরাসের ক্যানভাসে অ্যাক্রেলিক অন ক্যানভাস, অয়েল, টেম্পেরা, পেন অন মাধ্যমে বলেছেন মিশরের হাজারো বছরের সভ্যতার গল্প। এঁকেছেন নীল নদ ও মানবসভ্যতার উত্থানের নানা ইতিহাস।

অভিনেত্রী ও চিত্রশিল্পী বিপাশা হায়াতের ছবিগুলোর শিরোনাম ‘মেমরি অব স্পিরিচুয়াল’, `ফ্রম দ্য ডায়েরি অফ ট্রাভেলার টু ইজিপ্ট-১ ও ২’। প্যাপিরাসের ক্যানভাসে অ্যাক্রেলিক ছাড়াও গোল্ড লিফ, চা পাতা-কফির মিশ্রণে এক নিরীক্ষা করেছেন শিল্পী।

তিনি বলেন, “গোটা মিশরকে মনে হয়েছে বিশাল এক জাদুঘর। সমসাময়িক প্রেক্ষাপটে মিশরের নানা দৃশ্যকে আমরা নানা উপমা, প্রেক্ষাপটে হাজির করতে চেয়েছি।”

আফরোজা জামিল কঙ্কার ছবি ‘বাল্যবিবাহ’, ‘নুবিয়ান ভিলেইজ অ্যান্ড আসওয়ান ইজিপ্ট’ এ উঠে এসেছে মিশরের সামাজিক ব্যবস্থার গল্প।

শামীম সুব্রানার ‘বুড়িগঙ্গা’ ও ‘রিভার নীল’ ছবি দুটিতে ঢাকা ও মিশরের নদী তীরবর্তী জীবনের গল্প উঠে এসেছে। 

‘ফ্রিডম’, ‘আর্নিং অফ লিভিং’, ‘আলেক্সান্ডার টু তুতাখানাম’ ছবিগুলোতে মিশরের রাজনৈতিক ইতিহাসের গল্প বলেছেন মাহবুবুল ইসলাম।

অধ্যাপক মাহমুদুল ইসলামের ছবির শিরোনাম ‘আনটাইটেল-১ ও ২’। আরেক অধ্যাপক রোকেয়া সুলতানা এঁকেছেন ‘নিলা’ নামে নীল নদের নৈসর্গিক ছবি।

সোহানা শাহরিনের ছবির শিরোনাম ‘দাওয়াত আবু সিমেল’, ‘ইলোশন অফ পাই’। গোলাম ফারুক স্বপন এঁকেছেন ‘ব্রেইন-২ ও ৩’। নাসরিন বেগমের ‘ইজিপ্সিয়ান লেডি’ শিরোনামের ছবিতে মূর্ত হয়েছে মিশরীয় নারী সমাজের চিত্র। 

রেজাউন নবী ‘কালার অব ট্রেডিশন’, ‘মিথ’ শিরোনামের ছবিগুলোতে বলেছেন মিশরের নানা সভ্যতার সামাজিক জীবনযাত্রার গল্প।

‘প্যাপিরাস’ শিরোনামের প্রদর্শনীটি চলবে ৯ সেপ্টেম্বর পর্যন্ত। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা অবধি সবার জন্য উন্মুক্ত থাকবে গ্যালারি টুয়েন্টি ওয়ান।