২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দলভিত্তিক সিটি ভোটের বিধি আইন মন্ত্রণালয়ে

নারায়ণগঞ্জ ও কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন সামনে রেখে নির্বাচন বিধিমালা ও আচরণবিধি সংশোধনের প্রস্তাব মতামতের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জ্যেষ্ঠ প্রতিবেদেক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2016, 09:42 AM

Updated : 12 Apr 2022, 02:48 AM

সিটি মেয়র পদে দলীয়ভাবে নির্বাচন হবে এবার। আগামী ডিসেম্বরের মধ্যে নারায়ণগঞ্জ ও কুমিল্লায় ভোটের পরিকল্পনা রয়েছে ইসির।

সে লক্ষ‌্যে সভাপতি-সাধারণ সম্পাদক বা সমমর্যাদার ব্যক্তির প্রত্যয়নে দলীয় প্রার্থী, স্বতন্ত্র প্রার্থিতায় ৩০০ ভোটারের সমর্থন তালিকা দেওয়া, মন্ত্রী-এমপি-মেয়রদের প্রচারে অংশগ্রহণে নিষেধাজ্ঞা, সংরক্ষিত নারী সদস‌্য পদপ্রার্থীদের প্রতীকে সংশোধনী এনে দুটি খসড়া বিধি করা হয়েছে।

ইসির আইন শাখার জ্যেষ্ঠ সহকারী সচিব অন্তরা ঘোষ বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নির্বাচন বিধি ও আচরণবিধির সংশোধনে ইসির অনুমোদনের পর আইনমন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠিয়েছি আমরা। এ বিষয়ে মতামত ও মন্ত্রণালয়ের অনুমোদনের পরই সংশোধিত বিধির গেজেট প্রকাশ করা হবে।”

এ কর্মকর্তা জানান, সেপ্টেম্বরের মধ্যে নির্বাচনবিধি ও আচরণবিধির সংশোধিত গেজেট প্রকাশ করা হতে পারে। বিধি দুটি জারির পর ভোটের তফসিল ঘোষণার ব্যবস্থা নেবে ইসি।

অক্টোবরের মধ্যে বিধি সংশোধনের কাজ শেষ করে প্রয়োজনীয় প্রস্তুতি শেষে নারায়ণগঞ্জ ও কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে হাত দিতে চায় নির্বাচন কমিশন।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, স্কুলের পরীক্ষার সময় মাথায় রেখে তফসিল করে ডিসেম্বরের দ্বিতীয়ার্ধকে ভোটের উপযুক্ত সময় বিবেচনা করা হচ্ছে।

ইসির নির্বাচন ব্যবস্থাপনা ও সমন্বয় শাখার সহকারী সচিব রাজীব আহসান জানান, ২৬ ডিসেম্বরের মধ্যে নারায়ণগঞ্জ ও ৬ ফেব্রুয়ারির মধ্যে কুমিল্লায় ভোট করার বাধ্যবাধকতা রয়েছে। এক দিনে দুই সিটিতে ভোট করার পরিকল্পনা নিয়েই তাদের কাজ এগোচ্ছে।

পুরনো খবর:

সিটিতে স্বতন্ত্র প্রার্থিতায় লাগবে ৩০০ ভোটারের সমর্থন
নারায়ণগঞ্জ-কুমিল্লায় একদিনে ভোট করার চিন্তা