বিমানে হজ যাত্রী সংকট: দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থার সুপারিশ
টিকেট বুকিং দিয়েও যেসব এজেন্সি বিমানে হজ যাত্রী পাঠায়নি তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে দুটি সংসদীয় কমিটি।
বৃহস্পতিবার সংসদ ভবনে অনুষ্ঠিত ধর্ম মন্ত্রণালয় ও বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির পৃথক বৈঠকে এ সুপারিশ করা হয়।
বৈঠক শেষে বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির সভাপতি ফারুক খান বলেন, “কিছু কিছু এজেন্সি আছে যাদের কারণে ফ্লাইট বাতিল হয়েছে। আমরা বিমানকে বলেছি, তাদের চিহ্নিত করে শাস্তিমূলক ব্যবস্থা নিতে। বিমান এ ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেবে বলে আমাদের জানিয়েছে।”
চলতি হজ মৌসুমে যাত্রী স্বল্পতার কারণে ১০টি ফ্লাইট বাতিল করেছে রাষ্ট্রীয় পতাকাবাহী প্রতিষ্ঠান বিমান।
সম্প্রতি গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিমান বলেছে, “বাতিলকৃত ফ্লাইটের কারণে বিমানের হজযাত্রী পরিবহনে ৫ হাজার আসনের ‘ক্যাপাসিটি’ খোয়া গিয়েছে। গত ৪ অগাস্ট শুরু হওয়া হজ ফ্লাইট পরিচালন কার্যক্রমের আওতায় এ পর্যন্ত বাতিলকৃত ফ্লাইটের কারণে আর্থিক ও মারাত্মক যাত্রী সংকটের মুখোমুখি হয়েছে বিমান।”
গণমাধ্যমের খবর অনুযায়ী, বিমান শুরুতে প্রতি ডলারের বিনিময় হার যেটা নির্ধারণ করে তাতে সৌদি এয়ারলাইন্সের তুলনায় তাদের টিকেটের দাম ও অন্যান্য কারণে ব্যয় প্রায় আট হাজার টাকা বেড়ে যায়। এর ফলে অনেক যাত্রী বিমানে বুকিং দিলেও পরে সৌদি এয়ারলাইন্সে হজে যায়।
তবে ধর্ম মন্ত্রণালয়ের হজ ব্যবস্থানায় ‘চরম অব্যবস্থাপনার’ অভিযোগ তুলেছেন হজ এজেন্সিস অ্যাসোসিয়েসন্স অব বাংলাদেশ-হাবের সাধারণ সম্পাদক শেখ আবদুল্লাহ।
সম্প্রতি তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যারা হজের ভিসা পেয়েছেন তাদের জন্য নিয়ম মেনেই বিমানের টিকেট বুকিং দিয়েছে হজ এজেন্টরা। ভিসা কম হওয়ায় বিমানের ফ্লাইটে কম লোক গেছে।”
তিনি বলেন, এবার ১ লাখ ১ হাজার ৭৫৮ জনের ভিসা হওয়ার কথা ছিল। তার মধ্যে এখন পর্যন্ত মাত্র ৬৫ হাজার জনের ভিসা হয়েছে।
ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছে বিমান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি।
মুহাম্মদ ফারুক খানের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য বিমানমন্ত্রী রাশেদ খান মেনন, মো. আলী আশরাফ, তানভীর ইমাম, মো. নজরুল ইসলাম চৌধুরী, আফতাব উদ্দীন সরকার, রওশন আরা মান্নান ও সাবিহা নাহার বেগম অংশ নেন।
এদিকে ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠক নিয়ে সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কমিটি আগামীতে হজ ফ্লাইট যাতে বাতিল করতে না হয় সে দিকে লক্ষ রেখে ধর্ম মন্ত্রণালয় ও বিমান মন্ত্রণালয়কে সমন্বয় করে ফ্লাইট বুকিংয়ের সুপারিশ করেছে।
এছাড়া হজ ফ্লাইট বাতিলের কারণ খুঁজে বের করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণেরও সুপারিশ করেছে কমিটি।
বিমান মন্ত্রণালয় সংসদীয় কমিটির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের পুরাতন এয়ারক্রাফটগুলো নিরাপত্তার কথা বিবেচনা করে দ্রুত অপসারণ করাতে বিমান চলাচল কর্তৃপক্ষ এবং বাংলাদেশ বিমানকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে।
