হল আন্দোলনের মধ্যে ক্লাস শুরু জগন্নাথ ব্শ্বিবিদ্যালয়ে
হলের দাবির আন্দোলনে ছাত্রলীগ ও বাম ছাত্র সংগঠনগুলোর নেতৃত্বে আলাদা কর্মসূচি পালনের মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ক্লাসে ফিরতে শুরু করেছেন শিক্ষার্থীরা।
এ মাসের শুরুতে ‘সাধারণ শিক্ষার্থী’ ব্যানারে আন্দোলন শুরুর পর কয়েকদিন আগে ছাত্রলীগ ‘হল পুনরুদ্ধার ছাত্র সংগ্রাম পরিষদ’ আলাদা ব্যানারে কর্মসূচি শুরু করে।
এই কারণে শিক্ষার্থীদের মধ্যে হলের দাবি আদায়ের এই আন্দোলন নিয়ে হতাশা দেখা দিয়েছে বলে কয়েকজন শিক্ষার্থীর কথায় স্পষ্ট।
শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে ফেরায় বৃহস্পতিবার কয়েকটি বিভাগে ক্লাস হয়েছে।
ভূগোল ও পরিবেশ বিভাগের সপ্তম ব্যাচের একজন শিক্ষার্থী নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সাধারণ শিক্ষার্থীরা যখন আন্দোলন শুরু করেছিল, তখন একটি আশার সঞ্চার হয়েছিল। কিন্তু ছাত্র সংগঠনগুলো পরস্পরের বিরুদ্ধে উস্কানি দেওয়া শুরু করল, মারামারি হল।
“এ আন্দোলনের আর কোনো ভবিষ্যৎ নেই। দীর্ঘদিন ক্লাস-পরীক্ষা হয়নি। শুধু শুধু সেশনজট না বাড়িয়ে আমরা ক্লাসে ফিরেছি।”
আন্দোলনকারীদের উপর চড়াও ছাত্রলীগ (ফাইল ছবি)
ছাত্রলীগ আলাদা ব্যানারে কর্মসূচি শুরুর পর দুদিন ‘সাধারণ শিক্ষার্থী’ ব্যানারে আন্দোলনকারীদের উপর হামলা হয়।
ক্যাম্পাসে ‘বাধা পেয়ে’ সাধারণ শিক্ষার্থী ব্যানারে আন্দোলনকারীরা মঙ্গলবার কেন্দ্রী শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করে।
বৃহস্পতিবার সকাল ১১টা থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা অবস্থান কর্মসূচি পালন করে। এই কর্মসূচিতে বাম ছাত্র সংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে ছাত্রদলের কিছু নেতা-কর্মীকেও দেখা গেছে।
সুপ্রিম কোর্টের আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া এই কর্মসূচিতে একাত্মতা জানিয়ে হল দাবির আন্দোলন সমর্থন করেন।
আন্দোলনের সংগঠক রাশেদুল ইসলাম দুপুরে পরবর্তী কর্মসূচি ঘোষণা করে অবস্থানের ইতি টানেন।
‘সাধারণ শিক্ষার্থী’রা শুক্রবার সকাল ১০টায় বাহাদুর শাহ পার্ক থেকে রায়সাহেব বাজার, বংশালসহ পুরান ঢাকার বিভিন্ন এলাকায় জনসংযোগ করবে। শনিবার বিকালে সেগুন বাগিচার স্বাধীনতা হলে লেখক, কলামনিস্টদের নিয়ে আলোচনা সভা করবে।
কর্মসূচিতে শিক্ষার্থী কম থাকার বিষয়ে আন্দোলনের সংগঠক মনিরুল ইসলাম রাজন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অধিকাংশ শিক্ষার্থী ইদ উপলক্ষে বাড়ি চলে যাওয়ায় উপস্থিতি কম।”
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ঈদের ছুটি শুরু হচ্ছে ৭ সেপ্টেম্বর থেকে।
হলের দাবিতে রাজপথে
এদিকে কেরানীগঞ্জে হল নির্মাণ, পরিত্যক্ত কারাগারের জায়গায় বঙ্গবন্ধু জাদুঘর ও জাতীয় চার নেতার নামে হল নির্মাণ, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তর থেকে বাংলাদেশ ব্যাংকের শাখা স্থানান্তরের দাবিতে ছাত্রলীগ নেতৃত্বাধীন ‘হল পুনরুদ্ধার ছাত্র সংগ্রাম পরিষদ’ বৃহস্পতিবার ক্যাম্পাসে মিছিল-মানববন্ধন করেছে।
পরিষদের সদস্য সচিব ও ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বলেন, আগামী ৪ সেপ্টেম্বরও ক্যাম্পাসে একই কর্মসূচি পালন করবেন তারা।
“৪ সেপ্টেম্বর শিক্ষামন্ত্রীর সঙ্গে শিক্ষকদের বৈঠক রয়েছে। সে আলোচনা যদি ফলপ্রসূ না হয়, তাহলে আরও কঠোর কর্মসূচি দেব আমরা।”
পুরান ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের থাকার কোনো হল নেই। কেরানীগঞ্জে একটি হল নির্মাণের পরিকল্পনা হলেও তাতে গতি নেই।
এর মধ্যে নাজিমউদ্দিন সড়কের ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জে সরিয়ে নেওয়া হলে ওই জায়গা হলের জন্য চেয়ে আন্দোলনে নামে জগন্নাথের শিক্ষার্থীরা।
প্রথম আলোয় অগ্নিসংযোগ
পক্ষপাতের অভিযোগ তুলে দৈনিক প্রথম আলো পুড়িয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী একদল শিক্ষার্থী। এছাড়া ফেইসবুকেও সংবাদপত্রটির সমালোচনা করছেন বিশ্ববিদ্যালয়ের সাবেক-বর্তমান শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার দুপুরে ক্যাম্পাসে প্রথম আলোর কয়েকটি পত্রিকা পোড়ানো হয়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের দশম ব্যাচের ছাত্র তাহমিদ সুজা বলেন, “প্রায় একমাস ধরে চলমান ছাত্রদের একটি দাবি কখনও তাদের লিড স্টোরি করেনি। এমন একটা যৌক্তিক আন্দোলনকে তারা ছোট ছোট খবরে নামমাত্র প্রকাশ করেছে।
“অথচ পুরান ঢাকাবাসীর একদিনের একটা কর্মসূচিকে তারা লিড করে মানুষকে জানিয়ে দিল। আমরা তাদের এই উদ্দেশ্যপ্রণোদিত ও এক চোখা কাজের তীব্র নিন্দা জানাই।”
জগন্নাথের শিক্ষার্থীরা যেমন কারাগারের পরিত্যক্ত জমিতে হল নির্মাণের দাবি তুলেছে। তেমনি পুরান ঢাকাবাসী সেখানে পার্ক ও বিনোদন কেন্দ্র করার দাবি জানাচ্ছে।
