হলের দাবিতে জগন্নাথে ছাত্র ধর্মঘটের ডাক
নতুন আবাসিক হল নির্মাণের দাবিতে লাগাতার আন্দোলনে থাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বৃহস্পতিবার তাদের ক্যাম্পাসে ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে।
বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক অবস্থান কর্মসূচি থেকে এই ধর্মঘটের ডাক দেওয়া হয়।
হল আন্দোলনের অন্যতম সমন্বয়ক মনিরুল ইসলাম রাজন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,“ আগামীকাল আমরা সর্বাত্মক ধর্মঘট করব। এরপর পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।”
পুরনো ঢাকা নাজিমউদ্দিন রোডে কেন্দ্রীয় কারাগারের পরিত্যক্ত জায়গা হল নির্মাণের জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে বরাদ্দ দেওয়ার দাবিতে ২ আগস্ট থেকে নানা কর্মসূচি পালন করে আসছেন শিক্ষার্থীরা।
পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আন্দোলনকারীরা বুধবার সকাল ১০টার দিকে শিক্ষা মন্ত্রণালয় ঘেরাওয়ের জন্য ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে বের হন।
কিন্তু পুলিশের বাধায় প্রেসক্লাবের সামনেই তাদের মিছিল থমকে যায়।পরে সেখানে অবস্থান নিয়ে তারা বিক্ষোভ শুরু করেন এবং ধর্মঘটের ঘোষণা আসে।
বেলা সোয়া ১টা পর্যন্ত কয়েকশ শিক্ষার্থী প্রেসক্লাবের সামনে অবস্থান নিয়ে থাকলে ওই সড়কে যানজট দেখা দেয়। পরে ধর্মঘট ডেকে অবস্থান থেকে সরে যান শিক্ষার্থীরা।
দেশের অন্যতম প্রাচীন এই শিক্ষা প্রতিষ্ঠানটি ১৮৫৮ সালে ব্রাহ্ম স্কুল নামে যাত্রা শুরু করে ১৮৮৪ সালে দ্বিতীয় শ্রেণি এবং ১৯০৮ সালে প্রথম শ্রেণির কলেজে উন্নীত হয়।
১৯৯৪ সাল থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিশ্ববিদ্যালয় কলেজ হিসেবে শিক্ষা কার্যক্রম চালিয়ে আসার পর প্রতিষ্ঠানটি ২০০৫ সালে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের রূপ নেয়।
প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন সময়ে ছাত্রদের জন্য ১১টি আবাসিক হল নির্মাণ করা হলেও তার বেশিরভাগই দীর্ঘদিন অবৈধ দখলদারের হাতে ছিল। শিক্ষার্থীদের দফায় দফায় আন্দোলনে ২০১৪ সাল পর্যন্ত তিনটি হল অবৈধ দখলমুক্ত হলেও সেগুলোতে শিক্ষার্থীদের আর ওঠা হয়নি।
সাম্প্রতিক আন্দোলনে পুরানো হলগুলো উদ্ধারের কোনো কর্মসূচি রাখা হয়েছে কি না জানতে চাইলে রাজন বলেন, “আমরা আমাদের আন্দোলন নতুন হল নির্মাণের দাবির মধ্যেই রাখতে চাই।”
সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এই কর্মসূচিতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মেহরাব আজাদ, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি সরদার আল আমিন ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
