২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বরচিত্রের আয়োজনে বঙ্গবন্ধুকে স্মরণ

কবিতার পংক্তিতে বঙ্গবন্ধুর আদর্শ-চেতনার বাস্তবায়ন করে অন্যায়-অসত্যের বিরুদ্ধে রুখে দাঁড়াবে বলে প্রতিজ্ঞা করেছে আবৃত্তি সংগঠন স্বরচিত্র।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2016, 07:43 PM

Updated : 20 Aug 2022, 01:33 PM

জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মরণে ‘ইতিহাসের জ্যোতির্বলয়’ শিরোনামে আবৃত্তি অনুষ্ঠানে তারা এ শপথ নেয়।

মঙ্গলবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মাহিদুল ইসলামের গ্রন্থনা ও নির্দেশনায় শুধুমাত্র কবিতা দিয়ে সাজানো হয়েছিল এই আয়োজনটি।

নতুন প্রজন্মের কাছে বঙ্গবন্ধুর ‘মহানুভবতা, দেশপ্রেম ও আদর্শ’ পৌঁছে দিতে স্বরচিত্র এই আয়োজনটি করেছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান স্বরচিত্রের সভাপতি মাহিদুল ইসলাম।

তিনি বলেন, “বাঙালির মুক্তির পথপ্রদর্শক শ্রেষ্ঠ বাঙালির রক্তস্রোত আজও ছাপ্পান্ন হাজার বর্গমাইলের জনপদ জুড়ে প্রবাহিত। তার আদর্শ-চেতনা আমাদের সবসময় অসত্য আর অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে শিখিয়েছে। সেই চেতনা আমাদের মুক্তিযুদ্ধের মূল্যবোধকে করেছে চিরজাগরুক।”

পনের অগাস্টের সেই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে আবৃত্তিকার মাহিদুল ইসলাম বলেন, “বাঙালির অগ্রসরমানতা স্তব্ধ করে দিতে, আমাদের বিজয়কে কলঙ্কিত করতে চায় একাত্তরের পরাজিত শক্তি। তাদের নিকৃষ্টতম হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন বঙ্গবন্ধু এবং তার পরিবার।”

‘ইতিহাসের জ্যোতির্বলয়’ অনুষ্ঠানের শুরুতে স্বরচিত্রের বাকশিল্পীরা আবৃত্তি করে শোনান মীর মোশাররফ হোসেনের ‘বলছে তারা’।

এরপর একক কণ্ঠে আবৃত্তি করেন সম্মিরুন ইসলাম, আবদুর রহমান নূর, তাসমী চৌধুরী, তামান্না ডেইজি, আবুল হাসনাত রানা, শিপ্রা রহমান প্রমুখ।

তারা আবৃত্তি করে শোনান আবদুস সাত্তারের ‘একটি অমিয় নাম, আবু জাফর ওবায়দুল্লাহর ‘বৃষ্টি ও সাহসী পুরুষের জন্য প্রার্থনা, আসাদ চৌধুরীর ‘আমাকে দিয়েছিলে অসীম আকাশ, নির্মলেন্দু গুণের ‘আগস্ট শোকের মাস, কাঁদো’ ও ‘আমি আজ কারও রক্ত চাইতে আসিনি, শামসুর রাহমানের ‘ইতিহাসের জ্যোতির্বলয়’।

অতিথি আবৃত্তি শিল্পী হিসেবে আবৃত্তি করেন মাসুম আজিজুল বাশার, তামান্না সারোয়ার নীপা, সোহেল আনোয়ারসহ অন্যরা।