২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজস্ব ফাঁকির অভিযোগে পর্যটন কর্মকর্তা গ্রেপ্তার

জাল পাসবুক দেখিয়েপর্যটন কর্পোরেশনের ট্যাক্স ফ্রি দোকান থেকে মদ ও বিয়ার নিয়ে খোলা বাজারে বিক্রির অভিযোগে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের ডিপ্লোম্যাটস অ্যান্ড প্রিভিলেজড পারসন্স ট্যাক্স ফ্রি শপের নির্বাহী কর্মকর্তা সৈয়দ নাজমুল আরেফিন গ্রেপ্তার হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2016, 08:42 PM

Updated : 20 Aug 2022, 01:32 PM

তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন(দুদক)প্রায় ৫ কোটি টাকার রাজস্ব ফাঁকি দেওয়ার অভিযোগ এনেছেন।

রোববার রাজধানীর সেগুন বাগিচা থেকে নাজমুলকে গ্রেপ্তার করা হয় বলে দুদকের উপপরিচালক(জনসংযোগ) কর্মকর্তা প্রণবকুমার ভট্টাচার্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।

দুদক জানায়, নাজমুল কূটনীতিক ও বিশেষ সুবিধাভোগী ব্যক্তিবর্গের নামে ২১৬টি জাল পাসবুক তৈরি করে এর বিপরীতে গত ২০০৪-০৫ সালে পর্যটন কর্পোরেশনের ট্যাক্স ফ্রি শপ থেকে ১৩ শ’র বেশি বোতল বিয়ার, কয়েকশ’ বোতল হইস্কি, দুই বোতল চকলেট, ৫০ কার্টন বিদেশি সিগারেট খোলাবাজারে বিক্রি করেছেন।

প্রণব বলেন,“কোনো প্রকার অনুমোদনপত্র ছাড়া প্রতারণামূলকভাবে ৯৫২টি এক্সবন্ড বিল ও ইনভয়েসের মাধ্যমে তিনি এগুলো ডেলিভারি নিয়েছিলেন। দুদকের অনুসন্ধানে দেখা গেছে, এর মাধ্যমে তিনি ৪ কোটি ৯১ লাখ ১ হাজার ৪৯৭ টাকা রাজস্ব ফাঁকি দিয়েছেন।”

এ বিষয়ে ২০০৬ সালে রাজধানীর গুলশান থানায় একটি মামলা করেছিল কমিশন। সেই মামলার আসামি হিসেবেই নাজমুল গ্রেপ্তার হয়েছেন বলে জানান প্রণব কুমার।