যুদ্ধাপরাধের বিচার নিয়ে নতুন ষড়যন্ত্রের শঙ্কা ইমরানের
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে পুরাতন হাই কোর্ট ভবন থেকে সরিয়ে বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে অভিযোগ এনে এ ঘটনাকে যুদ্ধাপরাধের বিচারের বিরুদ্ধে নতুন ষড়যন্ত্র বলছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার।
শনিবার বিকালে শাহবাগের জাতীয় জাদুঘরে সামনে এক বিক্ষোভ সমাবেশ থেকে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালকে পুরাতন হাই কোর্ট ভবনেই রাখার দাবি জানান তিনি।
ইমরান বলেন, “আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, যেটি পুরাতন হাইকোর্ট ভবনে ছিল, সেখান থেকে সেটিকে সরিয়ে দেওয়ার জন্য একটি চিঠি দেওয়া হয়েছে আইন মন্ত্রণালয়ে। এটি আমাদের কাছে ন্যাক্কারজনক মনে হয়েছে।
“কেননা, আমরা ইতোপূর্বেই দেখেছি, আমাদের বিচারপতিরা অর্থের কাছে মাথা বিকিয়ে দিয়েছেন। বিচারপতি নজরুল ইসলাম কিভাবে অবসরে যাওয়ার পরপরই যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরীর পক্ষে আদালতে দাঁড়ানোর চেষ্টা করেছেন, সেটি আমরা দেখেছি।”
‘বিচারপতিদেরও মাথা বিকিয়ে দেওয়ার ইতিহাস রয়েছে’ মন্তব্য করেন যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে গড়ে ওঠা গণজাগরণ মঞ্চের এই মুখপাত্র।
“…সুতরাং বিচারপতিদেরও যে মাথা বিকিয়ে দেওয়ার ইতিহাস রয়েছে, সেটিও আমাদের অজানা নয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে সরিয়ে দিয়ে বিচারপ্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার চেষ্টায় মনে হয়, যুদ্ধাপরাধের বিচারের বিরুদ্ধে নতুনভাবে ষড়যন্ত্র শুরু হয়েছে।”
যুদ্ধাপরাধী মীর কাসেম আলীর সর্বোচ্চ শাস্তির রায় কার্যকরে দীর্ঘসূত্রিতার প্রতিবাদে ওই সমাবেশ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করে গণজাগরণ মঞ্চ।
২০১৪ সালের ২ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে মীর কাসেমকে মৃত্যুদণ্ড দেওয়ার পর গত ৮ মার্চ আপিলের রায়ে ওই সাজা বহাল থাকে। মৃত্যুদণ্ডের রায় পুর্নবিবেচনা আবেদন বর্তমানে উচ্চ আদালতে শুনানিতে রয়েছে।
রিভিউ শুনানিকে একটি ‘আনুষ্ঠানিকতা মাত্র’ মন্তব্য করে আপিল বিভাগে চূড়ান্ত রায়ের পর সাড়ে পাঁচ মাস সময় অতিবাহিত হওয়ায় সমাবেশে ক্ষোভ প্রকাশ করেন গণজাগরণের মুখপাত্র ইমরান এইচ সরকার।
তিনি বলেন, “এর আগে যেসব যুদ্ধাপরাধীর রায় কার্যকর হয়েছে, কারো ক্ষেত্রেই রিভিউ শুনানিতে এক সপ্তাহের বেশি সময় লাগেনি। অথচ এই কুখ্যাত বিত্তশালী যুদ্ধাপরাধী মীর কাসেম আলীর ক্ষেত্রে বারবার রিভিউ শুনানি পিছিয়ে কালক্ষেপণ করা হচ্ছে।
“কেন এই ধনকুবের যুদ্ধাপরাধীর রিভিউ শুনানি বারবার পিছিয়ে দেয়া হচ্ছে, এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা, সে বিষয়ে সাধারণ মানুষের মনে প্রশ্ন জেগেছে।”
বিভিন্ন সময়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বক্তব্য যুদ্ধাপরাধীদের পক্ষে গিয়েছে মন্তব্য করে দেশটির পররাষ্ট্রমন্ত্রী জন কেরি সম্প্রতি বাংলাদেশে আসার ঘোষণা দেওয়ায় শঙ্কার কথা জানান ইমরান।
“একদিকে বারবার রিভিউ পিছিয়ে দেওয়া হচ্ছে, অন্যদিকে যুদ্ধাপরাধীদের পক্ষে যারা আন্তর্জাতিক লবিং করে, তারা সক্রিয় হচ্ছে। হঠাৎ করেই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বাংলাদেশে আসার ঘোষণা দিয়েছে। বিভিন্ন সময়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের বক্তব্য যুদ্ধাপরাধীদের পক্ষে গেছে। একারণে মানুষের মধ্যে শঙ্কা তৈরি হয়েছে।”
যুদ্ধাপরাধী মীর কাসেমের রিভিউ শুনানি রোববারের মধ্যেই শেষ হয়ে দ্রুত রায় কার্যকর হবে বলে আশা প্রকাশ করেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র।
ইমরান বলেন, “আমরা প্রত্যাশা করি, মীর কাসেম আলীকে নিয়ে যে তালবাহানা শুরু হয়েছে- তা বন্ধ করে চারজন যুদ্ধাপরাধীর রায় কার্যকরের মাধ্যমে যে দৃষ্টান্ত বিচার বিভাগ স্থাপন করেছে, সেই ধারায় ফিরে আসবে।”
সমাবেশ শেষে গণজাগরণ মঞ্চের একটি বিক্ষোভ মিছিল শাহবাগ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ঘুরে ফের শাহবাগে এসে শেষ হয়।
