নৌযান ধর্মঘটের তেমন প্রভাব নেই সদরঘাটে
সারাদেশে নৌশ্রমিক সংগ্রাম পরিষদের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট চতুর্থ দিনে গড়ালেও রাজধানীর সদরঘাট থেকে যাত্রীবাহী লঞ্চ চলাচল অব্যাহত আছে।
শুক্রবার সকালেও দেশের বিভিন্ন স্থান থেকে ৩৩টি লঞ্চ সদরঘাটের বিভিন্ন জেটিতে ভিড়েছে। ছেড়ে গেছে চারটি।
মাসিক ন্যূনতম ১০ হাজার টাকা মজুরি, কর্মস্থলে দুর্ঘটনায় নিহত শ্রমিকদের ক্ষতিপূরণ পুননির্ধারণ, নৌপথে সন্ত্রাসী-ডাকাতি -চাঁদাবাজি বন্ধ ও নদীর নাব্যতা রক্ষায় পদক্ষেপ নেওয়ার দাবিতে মঙ্গলবার থেকে দেশের সবগুলো নদীবন্দরে ধর্মঘটের ডাক দেয় নৌযান শ্রমিকরা।
ধর্মঘটে সৃষ্ট অচলাবস্থার প্রেক্ষাপটে শ্রমিক ও মালিকদের সঙ্গে সরকারের প্রতিনিধিরা বৈঠক করলেও কোনো সমাধান আসেনি। তবে ধর্মঘটের মধ্যেও সারাদেশের লঞ্চ যোগাযোগ একেবারেই বন্ধ হয়ে যায়নি বলে জানিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
তাদের ভাষ্য, ধর্মঘটের প্রথম দিন মঙ্গলবার সকালে যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ থাকলেও দুপুরের পর থেকে সে অবস্থার পরিবর্তন ঘটে। এরপর প্রতিদিনই সদরঘাট থেকে লঞ্চ ছেড়ে যাওয়ার সংখ্যা বেড়েছে।
বৃহস্পতিবার এখান থেকে ৬৩টি লঞ্চ গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায় বলে বিআইডব্লিউটিএ পরিবহন পরিদর্শক মো. হুমায়ুন কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
“ছেড়ে যাওয়া লঞ্চের হিসাবে বৃহস্পতিবার সদরঘাটের পরিস্থিতি ছিল স্বাভাবিক। এদিন মোট ৬৩টি লঞ্চ ছেড়ে গেছে, ভিড়েছে ৪৪টি।”
শুক্রবার সকালে বরিশাল, সুরেশ্বর, মুলাদী ও চাঁদপুরের উদ্দেশ্যে চারটি লঞ্চ ছেড়েছে, আরও দুটি ছাড়ার অপেক্ষায় আছে বলে জানান তিনি।
নৌশ্রমিকদের এই ধর্মঘট নিরসনে বৃহস্পতিবার শ্রম পরিদপ্তরের পরিচালক আশরাফুজ্জামানের নেতৃত্বে লঞ্চ মালিকদের সংগঠন বাংলাদেশ আভ্যন্তরীণ যাত্রী পরিবহন সংস্থার নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়। যদিও সেখান থেকে কোনো সিদ্ধান্ত আসেনি।
বৈঠক শেষে দুপুর সোয়া ১টার দিকে শ্রম পরিদপ্তরের পরিচালক সাংবাদিকদের বলেন, “আমরা গত রাতে শ্রমিকদের সঙ্গে বসেছিলাম। আজ মালিকদের সঙ্গে বসেছি। আশা করি, শিঘ্রই এর একটা সমাধান হবে।”
পরবর্তী উদ্যোগ সম্পর্কে দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, “আমরা নিজেরা মালিক ও শ্রমিকদের সঙ্গে আবারও বসে একটা সিদ্ধান্ত নেব।
“মালিক সমিতি আমাকে পরিসংখ্যান দিয়ে বলেছে, লঞ্চ চলাচল স্বাভাবিক।”
সরকার ও লঞ্চ মালিকদের এ বৈঠকে শ্রম মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আমিনুল ইসলামও ছিলেন।
এর আগে বুধবার সন্ধ্যায় একই স্থানে সরকারের প্রতিনিধি এবং মালিক ও শ্রমিকদের সমবেত হওয়ার আহ্বান জানানো হলেও মালিকরা যাননি। পরে সরকারের প্রতিনিধি ও আন্দোলনকারী শ্রমিকদের মধ্যে বৈঠক হয়।
বৈঠকের পর ‘কাঙ্ক্ষিত মজুরি’ না পেলে কর্মবিরতি অব্যাহত রাখার ঘোষণা দেন শ্রমিক সংগ্রাম পরিষদের আহ্বায়ক অহেজুল ইসলাম বুলবুল।
