‘যাত্রাশিল্প বাঁচাতে চাই শিল্পীদের সচেতনতা’
ঐতিহ্যবাহী যাত্রাপালা রক্ষায় যাত্রাশিল্পীদেরই উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন দেশের অগ্রজ নাট্যজনরা।
সোমবার বিকালে রাজধানীর শিল্পকলা একাডেমির সেমিনার রুমে বাংলাদেশ যাত্রা ফেডারেশনের আয়োজনে ‘ঐতিহ্যবাহী যাত্রাপালা, বর্তমান বাস্তবতায় আমাদের করণীয়’ শীর্ষক সেমিনারে একুশে পদকজয়ী জোৎস্না বিশ্বাস অভিযোগ করেন, খোদ সরকারি কর্মকর্তাদের কারণেই ধ্বংস হচ্ছে যাত্রাশিল্প।
‘ঐতিহ্যবাহী যাত্রাপালা, বর্তমান বাস্তবতায় আমাদের করণীয়’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন যাত্রা গবেষক তপন বাগচী।
এ সময় তিনি বেশ কয়েকটি সুপারিশ তুলে ধরেন।
এর মধ্যে রয়েছে, যাত্রাদলের নতুন নিবন্ধন দেওয়া, জেলা শিল্পকলা একাডেমির পৃষ্ঠপোষকতায় যাত্রা উৎসব, খোলা মাঠে ঝুঁকি থাকলে মিলনায়তনে যাত্রা পরিবেশনের অনুমতি দেওয়া, প্রয়োজনে সান্ধ্য যাত্রা চালুকরণ, নতুন পালাকার সৃষ্টি, জেলা পর্যায়ে যাত্রাভিনয় কর্মশালা, সংস্কৃতিসেবীদের ভাতায় যাত্রাশিল্পীদের অন্তর্ভুক্তিকরণ, যাত্রা বিষয়ে গবেষণা ও প্রকাশনার উদ্যোগ নেওয়া, নিরাপত্তার জন্য যাত্রা মঞ্চায়ন বন্ধ না করা।
সেমিনারে রামেন্দু মজুমদার বলেন, “যাত্রাশিল্পীরা এখনও পূর্ণাঙ্গ স্বাধীনতা পাননি। যাত্রাপালাতেই তারা জীবিকা নির্বাহ করেন। তাদের জীবিকার পুরো বিষয়টি নির্ভর করে যাত্রাদলের মালিকের উপর। তাই সবার আগে মালিকের পেশাদারিত্বের মনোভাবের বিষয়টি আমাদের নিশ্চিত করতে হবে।”
তিনি আরও বলেন, “আজকের বাস্তবতায় ঐতিহ্যবাহী যাত্রা শিল্প এবং এই শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট মানুষদের বেঁচে থাকার স্বার্থে যাত্রার পারমিশনকে সহজতর করতে হবে। যাত্রার মাঠে অশ্লীলতা প্রদর্শনকারী তথাকথিত একশ্রেণির যাত্রা দল, মালিক ও শিল্পীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।”
শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী বলেন, “পঁচাত্তরের পর সামাজিক পরিবর্তনের প্রভাবটি যাত্রাপালার ক্ষেত্রেও পড়েছে। এখন সুসময় থাকলেও আমরা যাত্রাপালাকে আবার সঠিক রূপে ফিরিয়ে আনতে পারছি না।”
যাত্রাশিল্প উন্নয়ন নীতিমালা-২০১২ অনুযায়ী ৮৮টি দলকে শিল্পকলায় নিবন্ধন করার পর যাত্রাপালার উন্নয়ন ইস্যুতে কাজ করা হচ্ছে বলে জানান তিনি।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনারারি প্রফেসর নিরঞ্জন অধিকারী, নাট্যজন মামুনুর রশীদ, গ্রুপ থিয়েটার ফেডারেশানের সেক্রেটারি জেনারেল আখতারুজ্জামান ও গোলাম সারোয়ার।
‘অভিনয় নিয়ন্ত্রন আইন’ বাতিল হলেও যাত্রাশিল্পকে নিয়ন্ত্রণের কালাকানুন ‘বেঙ্গল প্লেসেস অফ পাবলিক অ্যানাউন্সমেন্ট অ্যাক্ট-১৯৩৩’ আইনটি বাতিল না হওয়ায় যাত্রাশিল্প, শিল্পীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ করেন বক্তারা।
পরে সেমিনারে ১৬ দফা দাবি উত্থাপন করে বাংলাদেশ যাত্রা ফেডারেশন।
সেগুলোর মধ্যে রয়েছে, একটি জাতীয় যাত্রামঞ্চ গঠন করে আধুনিক দৃষ্টিভঙ্গি ও সমকালীন বিষয় নিয়ে যাত্রাপালা রচনার জন্যে দেশীয় পালাকার ও নাট্যকারদের উদ্যোগ গ্রহণ, বাংলাদেশ টেলিভিশনে এবং বাংলাদেশ বেতারে নিয়মিত যাত্রানুষ্ঠান সম্প্রচারের পুনঃউদ্যোগ গ্রহণ ও গণযোগাযোগ অধিদপ্তর সরকারি কর্মকাণ্ড ও তথ্য প্রচারের মাধ্যম হিসেবে যাত্রাকে অন্তর্ভুক্তিকরণ।
শিল্পীরা দাবি জানান, স্বরাষ্ট মন্ত্রণালয় নয়, সংস্কৃতি মন্ত্রণালয়কেই যাত্রাশিল্পের তদারকি, অনুমতি প্রদান, লাইসেন্স প্রদান ও লাইসেন্স নবায়নের সর্বময় ক্ষমতা অর্পণ করতে হবে।
একইসঙ্গে যাত্রাকে ইন্ডাস্ট্রি হিসেবে ঘোষণা দিয়ে ‘যাত্রাশিল্প উন্নয়ন বোর্ড’গঠন করা যেতে পারে বলেও মতামত দিয়েছেন তারা।
