২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সায়েদাবাদে ‘আধুনিক’ গণশৌচাগার

ঢাকার সায়েদাবাদ বাস টার্মিনাল এবং পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কে চালু হল নতুন চারটি ‘আধুনিক গণশৌচাগার’, যেগুলো গণশৌচাগার সম্পর্কে নগরবাসীর ধারণা পাল্টে দেবে বলে উদ্যোধক্তাদের আশা। 

ওবায়দুর মাসুম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2016, 08:57 PM

Updated : 11 Oct 2022, 08:38 PM

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন সোমবার এসব গণশৌচাগারের উদ্বোধন করে বলেন, তার এলাকায় আরও ৪৭টি গণশৌচাগার নির্মাণের প্রক্রিয়া চূড়ান্ত করা হয়েছে।

এছাড়া পুরনো ১৭টি গণশৌচাগার ইতোমধ্যে সংস্কার করা হয়েছে বলে জানান মেয়র।

তিনি বলেন, “আমরা নগরবাসীকে একটি পরিকল্পিত স্যানিটেশন সমাধান উপহার দিতে চাই। বিশেষ করে পথচারী এবং নারীদের জন্য, যানজটের কারণে যাদের ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় আটকে থাকতে হয়।”

নতুন চারটি গণশৌচাগারের মধ্যে সায়েদাবাদ টার্মিনাল ভবনে নারী ও পুরুষদের জন্য দুটি এবং জনপথ মোড়ে মিউনিসিপালিটি ফিলিং স্টেশন ও বাহাদুর শাহ পার্কে একটি করে শৌচাগার খোলা হয়েছে।

এখানে শৌচকর্মের জন্য পাঁচ টাকা, গোসলের জন্য ১০টাকা এবং এক গ্লাস ‘নিরাপদ’ খাওয়ার পানির জন্য এক টাকা দিতে হবে।

গোসলের সময় জামাকাপড় ও মূল্যবান জিনিসপত্র রাখার জন্য লকার সুবিধা রয়েছে এসব শৌচাগারে। এ সুবিধা নিতে চাইলে খরচ করতে হবে পাঁচ টাকা।

প্রতিটি গণশৌচাগারের সামনে নির্দিষ্ট পোশাকে ওয়াটার এইডের কর্মীরা রয়েছেন। শৌচাগারে ঢোকার আগে তাদের কাছ থেকে টিকেট কিনতে হবে।

একজন শৌচাগার ব্যবহার করে গেলে, তার পরপরই পরিচ্ছন্নতা কর্মীরা তা পরিষ্কার করে রাখছেন। নতুন পরিচ্ছন্ন শৌচাগার পেয়ে সাধারণ মানুষও খুশি।

উদ্বোধনের পরপরই সায়েদাবাদ টার্মিনাল গণশৌচাগারের গোসলখানায় স্নান সারলেন ঢাকা-হোমনা রুটের বাসচালক মো. সোহাগ মিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “পরিবেশ খুবই ভাল। এখানকার স্টাফদের আচরণও ভাল।”

ঢাকা-রামগতি রুটের আল সৈয়দ পরিবহনের এক চালক বলেন, সায়েদাবাদ টার্মিনালে আগে পাবলিক টয়লেট থাকলেও নোংরা পরিবেশের কারণে তা ব্যবহার করার উপায় ছিল না। অথচ টাকাও নিত বেশি।

“আগে যারা টয়লেট পরিচালনা করত তারা গোসল করলে ১৫ টাকা নিত। আর টয়লেট করলে নিত ১০ টাকা। কিন্তু আচার আচরণ ভাল ছিল না। এখন সবদিক দিয়াই সুবিধা হইল।”

নোয়াখালীর সোনাইমুড়ির মোর্শেদ আলমকে সায়েদাবাদ টার্মিনাল হয়েই যাতায়াত করতে হয়। দীর্ঘদিন সৌদি আরবে কাজ করেছেন তিনি। তার মতে, নতুন চালু হওয়া এ শৌচাগারের সঙ্গে আগের শৌচাগারের পার্থক্য ‘আকাশ-পাতাল’।

“আগে তো টার্মিনালের টয়লেট খুব নোংরা ছিল। এখন অনেক সুন্দর। বিদেশের পাবলিক টয়লেটের সঙ্গে এটার তেমন পার্থক্য নাই।”

আলাদা শৌচাগার করায় নারীদের ‘অনেক উপকার’ হল বলে মন্তব্যে করেন কুমিল্লার কোম্পানিগঞ্জের রাবেয়া খাতুন। ঢাকায় এক আত্মীয়ের বাসায় বেড়ানো শেষে বাস ধরতে ছেলের সঙ্গে সায়েদাবাদ টার্মিনালে এসেছিলেন তিনি।

“রাস্তাগাডে চলাফেরা করতে তো মেয়েছেলেদের অনেক সমস্যা। পেশাব-পায়খানা করার জাগা পাওয়া যায় না। এইরম ব্যবস্থা থাকলে ভালই সুবিধা।”

প্রতিটি শৌচাগারের বাইরে রয়েছে ‘নিরাপদ’ পানির ব্যবস্থা। পানি খেতে চাইলে এক টাকা দিয়ে একবার ব্যবহারযোগ্য একটি প্লাস্টিকের গ্লাস কিনতে হবে কেবল। এই ব্যেবস্থায় সন্তোষ প্রকাশ করলেন ঢাকা-সিলেট রুটের লিমন পরিবহনের বাস মালিক মো. বাচ্চু মিয়া।

“টার্মিনালে খাওয়ার পানি পাওয়া যায় না। বোতল কিনতে লাগে ১৫ টাকা, তাতে দুই গ্লাস পানি থাকে। এক টাকায় একটা গ্লাস কিনে এমন বিশুদ্ধ পানি পেলে সবারই সুবিধা।”

ওয়াটার এইড বাংলাদেশের কমিউনিকেশন স্পেশালিস্ট এএসএম শফিকুর রহমান আশা করছেন, নতুন এসব শৌচাগার রাজধানীতে গণশৌচাগার সম্পর্কে প্রচলিত ধারণা পাল্টে দেবে, টেকসইও হবে।

“আমরা একটি মডেল দাঁড় করনোর চেষ্টা করছি। এর আগে বিভিন্ন সময়ে দেখা গেছে, পাবলিক টয়লেট চালু হয়, এরপর আর ভালো থাকে না। আমরা খুব ‘কনফিডেন্টলি’ বলতে পারি, দুদিন-পাঁচদিন পর নষ্ট হয়ে যাবে না। কারণ আমরা পেশাদার একটি টয়লেট ক্লিনিং কোম্পানিকে দিয়ে এগুলো পরিচালনা করছি।”

রাজধানীতে এ ধরনের মোট ৫০টি গণশৌচাগার করার পরিকল্পনার কথা জানিয়েছে ওয়াটার এইড বাংলাদেশ। ইতোমধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ছয়টি এবং উত্তর সিটি করপোরেশনে পাঁচটি গণশৌচাগার খোলা হয়েছে।

দক্ষিণে সায়েদাবাদ বাস টার্মিনালে তিনটি; বাহাদুরশাহ পার্ক, মানিকনগর ও লালবাগ কেল্লায় একটি করে এবং উত্তরে গাবতলী বাস টার্মিনাল, সাতরাস্তা, নাবিস্কো, মহাখালী কাঁচাবাজার ও মেরুল বাড্ডা জামান ফিলিং স্টেশনে একটি করে গণশৌচাগার রয়েছে।