২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কর আরোপের কর্তৃত্ব সংক্রান্ত ধারা কেন অবৈধ নয়: হাই কোর্ট

সংসদে না গিয়েও সরকারকে কর বাড়ানো-কমানোর ক্ষমতা দেওয়া হয়েছে- এমন একটি আইনের ধারা নিয়ে রুল দিয়েছে হাই কোর্ট।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2016, 07:49 PM

Updated : 12 Apr 2022, 02:43 AM

এক রিট আবেদনের প্রাথমিক শুনানি করে সোমবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি জেএন দেব চৌধুরীর বেঞ্চ এই রুল দেয়।

১৯৭৬ সালের ভূমি উন্নয়ন কর অধ্যাদেশের ৩(১এ) ধারা কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক বিবেচনায় বাতিল করা হবে না-  তা জানতে চাওয়া হয়েছে রুলে।

আইন সচিব, ভূমি সচিব, অর্থ সচিব ও বরিশালের জেলা প্রশাসককে এক সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে হবে।

আদালতে রিট আবেদনকারী পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন এস এম মনিরুজ্জামান।

রিটের যুক্তিতে বলা হয়, সংবিধানের ৬৫ অনুচ্ছেদ অনুসারে পাওয়া ক্ষমতায় সংসদ যে কোনো ব্যক্তি বা কর্তৃপক্ষকে আদেশ, বিধি, রেগুলেশনস প্রণয়নের ক্ষমতা দিতে পারে। কিন্তু সংবিধানের ৮০, ৮১ ও ৮৩ অনুচ্ছেদ অনুসারে অর্থনৈতিক বিষয়ের কর্তৃত্ব কেবল সংসদের হাতেই রয়েছে। তাই ভূমি করের হার বদলে দেওয়ার কর্তৃত্ব বিবাদীদের (সরকার) নেই। 

“ভূমি উন্নয়ন কর অর্ডিন্যান্স -১৯৭৬ অনুসারে সরকার দাপ্তরিক প্রজ্ঞাপন দ্বারা ভূমি কর বাড়াতে বা কমাতে পারেন।  কিন্তু অর্থ বিল সংক্রান্ত বিষয়ে কাজ করতে সংবিধানের ৮১, ৮২ ও ৮৩ অনুচ্ছেদে বাধা রয়েছে। ভূমি উন্নয়ন কর ‘মানি বিলের’ অন্তর্ভুক্ত।  তাই  এ অধ্যাদেশের ৩(১এ) ধারা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক।”

এই যুক্তি দিয়ে রিট আবেদনে বলা হয়, ভূমি মন্ত্রণালয় কর আরোপে বড় ধরনের কোনো পরিবর্তন আনতে ‘পারবে না’।

“কিন্তু ভূমি মন্ত্রণালয় সংসদে কোনো বিল না এনেই ওই অধ্যাদেশ অনুসারে করের হার বদলে দিয়েছে। সংসদে আইন করা ছাড়া কোনো কর সংগ্রহ করা যাবে না বলে ৮৩ অনুচ্ছেদে বলা হলেও করের হার বাড়িয়ে সেটাই করা হচ্ছে।”

পরে আইনজীবী জ্যোর্তিময় বড়ুয়া সাংবাদিকদের বলেন, ভূমি উন্নয়ন কর অধ্যাদেশের ৩ ধারার (১) (এ) তে বলা হয়েছে- সরকার অফিসিয়াল গেজেট প্রকাশের মাধ্যমে ভূমি উন্নয়ন কর পুনর্বিবেচনা, বর্ধিত কিংবা হ্রাস করতে পারবে। কিন্তু সংবিধানের ৮৩ অনুচ্ছেদ অনুসারে সংসদের আইন বা কর্তৃত্ব ছাড়া কোনো কর আরোপ করা যাবে না।

“অথচ ২০১৫ সালের ৩০ জুন ভূমি উন্নয়ন কর অধ্যাদেশ-১৯৭৬ এর ৩ ধারার (১) (এ) অনুসারে ভূমি উন্নয়ন কর বৃদ্ধি করে গেজেট জারি করেন তৎকালীন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ শফিউল আলম। কর হ্রাস-বৃদ্ধিতে সরকারের এ ক্ষমতা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক।”

ওই গেজেট অনুসারে কর বাড়ায় দেওয়ান আবদুর রশিদ নামে বরিশালের এক কৃষক বর্ধিত কর দিতে অপরাগতা প্রকাশ করে হাই কোর্টে এই রিট আবেদন করেন বলে জ্যোর্তিময় বড়ুয়া জানান।