রাষ্ট্রপতির সঙ্গে প্রধান শিক্ষিকাদের সাক্ষাৎ
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকাদের একটি প্রতিনিধি দল।
সোমবার বিকালে দশ সদস্যের প্রতিনিধি দল বঙ্গভবনে যায় বলে জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন।
তিনি সাংবাদিকদের বলেন, “সাক্ষাতের সময় প্রতিনিধি দলের সদস্যরা তাদের নিজ নিজ বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।”
প্রেস সচিব বলেন, “সাক্ষাতের সময় রাষ্ট্রপতি বলেন, বর্তমান যুগ প্রতিযোগিতামূলক। আমাদের ছেলেমেয়েরা যাতে বিশ্বের অন্যান্য দেশের শিক্ষার্থীদের সঙ্গে প্রতিযোগিতা করে এগিয়ে যতে পারে, সে লক্ষ্যে শিক্ষা কার্যক্রমের পাশাপাশি অনানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রমকে গুরুত্বের সঙ্গে নিতে হবে।”
এছাড়া শিক্ষার্থীরা যাতে মুক্তিযুদ্ধের চেতনা ও দেশের ইতিহাস-ঐতিহ্যের সঙ্গে পরিচিত হতে পারে সেদিকে বিশেষ নজর দিতে রাষ্ট্রপতি পরামর্শ দেন বলে জানান জয়নাল আবেদীন।
তিনি আরও বলেন, “রাষ্ট্রপতি ভালো শিক্ষার্থী হওয়ার পাশাপাশি যাতে সুনাগরিক হিসেবে বেড়ে উঠতে পারে সেলক্ষ্যে তত্ত্বাবধান কার্যক্রম জোরদার করারও আহ্বান জানান।
রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।
