কীর্তনখোলা তীরের অবৈধ স্থাপনা সরাতে ২ মাস
বরিশালের কীর্তনখোলা নদীর তীরে জেলা প্রশাসনের চিহ্নিত ২১১টি অবৈধ স্থাপনা ৬০ দিনের মধ্যে অপসারণের নির্দেশ দিয়েছে হাই কোর্ট।
২০১২ সালের একটি রিটের প্রেক্ষিতে জেলা প্রশাসনের করা জরিপ প্রতিবেদন দেখে সোমবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের বেঞ্চ এই আদেশ দেয়।
আদালতে রিটকারীর পক্ষে ছিলেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল পূরবী রানী শর্মা।
অপসারণের আদেশ বাস্তবায়ন করে ১৩ নভেম্বর হাই কোর্টে প্রতিবেদন দাখিল করতে বরিশালের জেলা প্রশাসককে নির্দেশ দেওয়া হয়েছে বলে আইনজীবী মনজিল মোরসেদ জানান।
হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের এক রিট আবেদনে ২০১২ সালে কীর্তনখোলা নদীর অভ্যন্তরে সব ধরনের মাটি ভরাট, প্লট বরাদ্দ ও দখল ৪৮ ঘণ্টার মধ্যে বন্ধের নির্দেশ দেয় হাই কোর্ট।
জেলা প্রশাসক, পুলিশ সুপার ও বরিশালের পরিবেশ অধিদপ্তরের উপপরিচালককে এই নির্দেশ দেওয়া হয়।
পাশাপাশি সিএস এবং আরএস রেকর্ড অনুসারে নদীর অবস্থান নির্ধারণে কমিটি গঠন করে জরিপের মাধ্যেমে প্রকৃত সীমানা নির্ধারণ করে তিন মাসের মধ্যে প্রতিবেদন দাখিলে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নির্দেশ দেওয়া হয়।
জরিপ শেষে গত ৯ অগাস্ট জেলা প্রশাসক নদীর তীরে ২১১ অবৈধ স্থাপনা আছে বলে প্রতিবেদন দেয়।
ওই সময় দেওয়া রুলে কীর্তনখোলা নদী ভূমিদস্যু ও মাটি ভরাটের হাত থেকে রক্ষায় প্রশাসনের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং কীর্তনখোলা নদীর অভ্যন্তরে মাটি ভরাট, প্লট বরাদ্দ ও অবৈধ দখল বন্ধ এবং ইতিমধ্যে দখল ও ভরাট হওয়া মাটি সংশ্লিষ্টদের নিজ খরচে অপসারণের নির্দেশ কেন দেওয়া হবে না, তাও জানতে চাওয়া হয়।
২০১২ সালের ২ মার্চ একটি দৈনিকে প্রকাশিত ‘র্কীতনখোলা ভরাট করে প্লট!’ শিরোনামের একটি প্রতিবেদন যুক্ত করে রিট আবেদনটি করা হয়।
ওই প্রতিবেদনে বলা হয়, বরিশাল সদর উপজলোয় রসুলপুর চর ও কীর্তনখোলা নদীর একটি অংশ ভরাট করে প্লট তৈরির অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় কয়েকজন ব্যক্তি অবৈধভাবে ও পরিবেশ আইন লঙ্ঘন করে এ কাজ করছেন।
নদী ভরাট করার কারণে নৌপথ সঙ্কীর্ণ হওয়ায় ঢাকা-বরিশাল নৌপথে যাত্রীবাহী লঞ্চ চলাচলে সমস্যা হচ্ছে। বরিশাল শিল্প ও বণিক সমিতির সহসভাপতি সাইদুর রহমানের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, নদীর তীরে চর জেগে ওঠার আগেই ওঠার তা দখল করে নিচ্ছে একদল ভূমদিস্যু।’
