২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মিরপুরে অগ্নিকাণ্ডে অসুস্থ একজনের মৃত্যু

মিরপুর ১০ নম্বর গোল চত্বরের কাছে কার্পেটের দোকানে অগ্নিকাণ্ডের সময় অসুস্থ হয়ে এক যুবক মারা গেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2016, 11:54 AM

Updated : 11 Oct 2022, 08:38 PM

পুরনো খবর:

মিরপুরে কার্পেটের দোকানের আগুন নিয়ন্ত্রণে

পুলিশ বলছে, নিহত মামুন শেখ (২৮) আগুন লাগা ছয়তলা ভবনটির পঞ্চমতলার একটি প্রতিষ্ঠানের কর্মচারী ছিলেন। রাতে ভবনটির চতুর্থতলায় থাকতেন তিনি। তার বাড়ি বরিশালের বাবুগঞ্জে।

মিরপুর থানার এসআই নাসির বলেন, সোমবার সকাল সাড়ে ৮টার দিকে ওই ভবনের নীচতলায় থাকা কার্পেটের দোকান পর্দা বিলাসে আগুন লাগলে মামুন ধোঁয়ায় অচেতন হয়ে যায়।

পরে তৃতীয় তলা থেকে তাকে উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

সকাল সাড়ে ৯টার দিকে ঘণ্টাখানেকের চেষ্টায় অগ্নিনির্বাপক বাহিনীর কর্মীরা আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয় বলে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা আতিকুল আলম জানান।

মিরপুর ফায়ার স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন মাস্টার আব্দুল্লাহ আল আরেফিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ছয়তলার ভবনটির মালিক নজরুল ইসলাম আর পর্দা বিলাসের মালিক সবুজ ভূঁইয়া।

ভবনের নীচতলায় পদ্মা বিলাস দোকান আর দ্বিতীয় তলায় পদ্মা বিলাসের শো-রুম। তৃতীয়তলা থেকে চতূর্থতলা পর্যন্ত বিভিন্ন প্রতিষ্ঠান। ওই ভবনে রাতে চারজন লোক ছিল। তৃতীয় তলায় দুজন আর চতুর্থতলায় দুজন ছিল।

সকালে বন্ধ পদ্মা বিলাসে আগুন লাগলে প্রথমে কেউ বুঝতে পারেনি। ফায়ার সার্ভিসকে অনেক পরে খবর দেওয়া হয় বলেন তিনি এই অগ্নিনির্বাপক কর্মকর্তা।

আরেফিন বলেন, ফায়ার সার্ভিস উপস্থিত হয়ে ভবনের ওই চারজনকে ছয়তলায় উঠে যেতে বলা হয়। তিনজন ওপরের তলায় উঠলেও মাসুম নীচে নেমে এসে ধোঁয়ায় অচেতন হয়ে পড়লে তৃতীয় তলা থেকে তাকে উদ্ধার করা হয়।

আগুন নিয়ন্ত্রণে আসার পর ওই তিনজনকে সুস্থ্ অবস্থায় উদ্ধার করা হয় বলে তিনি জানান।

আগুন পদ্মা বিলাসের নীচতলার পর্দা, সোফার ফোমসহ বিভিন্ন কাপড় পুড়ে যায়। দোতলারও কিছু মালামাল আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ফায়ার কর্মকর্তা আরেফিন।

ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার কারণ তদন্ত সাপেক্ষে জানা যাবে বললেও এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বন্ধ দোকানে যেহেতু আগুন লেগেছে আর দোকানে কেউ ছিল না। তাই বৈদ্যুতিক গোলযোগের কারণে হওয়ার সম্ভবনাই বেশি।