'বিভ্রান্ত সৈনিক' নয়, বঙ্গবন্ধু হত্যায় একাত্তরের পরাজিতরা: শিক্ষামন্ত্রী
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনিদের 'বিভ্রান্ত সৈনিক' হিসাবে আখ্যায়তি করার ক্ষেত্রে ভিন্নমত পোষণ করে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, এটা মোটেই সঠিক না। মুক্তিযুদ্ধে পরাজিতরা পরাজয়ের প্রতিশোধ নিতে বঙ্গবন্ধুকে হত্যা করেছিল।
তিনি বলেন, “ব্যক্তি বঙ্গবন্ধুকে হত্যা নয়, আমাদের মুক্তিযুদ্ধের চেতনা, আদর্শ ও বঙ্গবন্ধুর স্বপ্ন যাতে বাস্তবায়ন না হয়, সে প্রতিশোধ নিতে তাকে হত্যা করেছিল। তার প্রমাণ হলো একুশ বছর ধরে যারা ক্ষমতায় ছিল তাদের ঘটনাবলী।”
জাতীয় শোক দিবস উপলক্ষে রোববার ইডেন মহিলা কলেজে রক্তদান কর্মসূচি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রীর এসব মন্তব্য আসে।
নাহিদ বলেন, “বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর তারাই ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে যারা পাকিস্তানিদের পক্ষ নিয়ে আমাদের মুক্তিযোদ্ধাদের, আমাদের মা-বোনদের হত্যা-নির্যাতন করেছিল। এমনকি সেই দল যারা এখনো আদর্শগতভাবে বাংলাদেশকে মেনে নিতে পারে নাই, জামায়াতে ইসলামী ও ছাত্র সংঘ নেতারা ক্ষমতায় আসল এবং তাদের সহযোগী হিসাবে অনেকে দাঁড়িয়ে গেল।”
বঙ্গবন্ধুকে হত্যায় বাংলাদেশের অগ্রযাত্রা বাধাগ্রস্ত হয়েছিল এবং যে চেতনায় দেশ স্বাধীন হয়েছে তাকে ২১ বছর ধরে এগোতে দেওয়া হয়নি বলে মন্তব্য করেন তিনি।
“শেখ হাসিনাও যাতে সেই অগ্রযাত্রায় নেতৃত্ব দিতে না পারেন সেজন্য তাকে ২১ শে অগাস্ট হত্যার চেষ্টা করা হয়েছিল।”
২১ অগাস্টের ঘটনার বিচার দাবি করে শিক্ষামন্ত্রী বলেন, “স্বাধীন একটা দেশে মানুষের অধিকার হরণ করে কাউকে হত্যা করার অধিকার কারও নেই। খুনিদের বিচার দ্রুত শেষ করা দরকার।”
গুলশান ও শোলাকিয়ার হামলার ঘটনা 'নতুনভাবে ভাবার সুযোগ করে দিয়েছে' মন্তব্য করে সরকারের এই মন্ত্রী বলেন, “আমাদের দেশে স্বাভাবিকভাবে যেসব ঘটনা ঘটে তার থেকে এটা ব্যতিক্রম।
“জঙ্গিরা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানকে টার্গেট করেছে, এজন্য আমরা শিক্ষা পরিবার খুবই উদ্বিগ্ন। আমাদের শিক্ষার্থীদের ভুল বুঝিয়ে নিয়ে যাচ্ছে।”
কেউ যাতে গোপনে জঙ্গিবাদে জড়িয়ে পড়তে না পারে সেজন্য ইডেন কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের সতর্ক হওয়ার আহ্বান জানান শিক্ষামন্ত্রী।
“মেয়েদের অভিভাবকদের সঙ্গে যোগাযোগ তৈরি করুন। কোনো শিক্ষার্থী টানা ১০ দিন অনুপস্থিত থাকলে তাদের সঙ্গে যোগাযোগ করুন। তারাও উদ্বিগ্ন হলে আমাদের জানান। আমরা আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে সে বিষয়ে ব্যবস্থা নিব।”
বঙ্গবন্ধুর সান্নিধ্যে আসতে পারাকে নিজের জীবনের অতুলনীয় সৌভাগ্য হিসাবে অভিহিত করে তিনি বলেন, “মানুষ হিসাবে বিশাল আত্মার ছিলেন। মানুষকে ভালোবাসা, মানুষের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার অতুলনীয় যোগ্যতা ছিল তার। একবার যা শুনতেন চিরকাল তা মনে রাখতেন, আমার ব্যাপারেও আমি সেই প্রমাণ পেয়েছি।”
তিনটি গুণ দিয়ে ব্যক্তি বঙ্গবন্ধুকে তুলে ধরার কথা জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, “জনগণের প্রতি বঙ্গবন্ধুর ছিল অপরিসীম ভালোবাসা ও দায়বদ্ধতা, অতিমাত্রায় দেশপ্রেমিক- দেশকে ভালবেসে যা দরকার তাই করতেন এবং অসীম সাহসী মানুষ ছিলেন তিনি।”
ইডেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক গায়ত্রী চ্যাটার্জির সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে শিক্ষাসচিব সোহরাব হোসাইন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদদপ্তরের মহাপরিচালক অধ্যাপক এসএম ওয়াহিদুজ্জামান, ইডেন কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের অধ্যাপক মাসুম এ রহমান খান বক্তব্য দেন।
