২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রপতির সঙ্গে মানবাধিকার কমিশন প্রতিনিধিদলের সাক্ষাৎ

সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে জনসচেতনতা বাড়াতে পদক্ষেপ নিতে জাতীয় মানবাধিকার কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।  

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2016, 06:45 PM

Updated : 11 Oct 2022, 08:38 PM

রোববার কমিশনের নবনিযুক্ত চেয়ারম্যান কাজী রিয়াজুল হকের নেতৃত্বে আট সদস্যের একটি প্রতিনিধি দল বঙ্গভবনে সাক্ষাৎ করতে গেলে রাষ্ট্রপতি এ আহ্বান জানান।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন সাংবাদিকদের বলেন, “রাষ্ট্রপতি মানবাধিকার কমিশন সাধারণ মানুষের মানবাধিকার সংরক্ষণে সর্বাত্মক প্রয়াস চালাবেন বলে আশা প্রকাশ করেন। সন্ত্রাস ও জঙ্গিবাদের কারণে যে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, সে ব্যাপারে জনসচতেনতা বৃদ্ধির লক্ষ্যে কমিশনকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান রাষ্ট্রপতি।”

নতুন চেয়ারম্যান রিয়াজুল হক কমিশনের ভবিষ্যত কর্মপরিকল্পনা সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন বলেও জানান প্রেস সচিব।

“নতুন চেয়ারম্যান রাষ্ট্রপতিকে জানান, জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে জনমত তৈরির লক্ষ্যে তারা বিভিন্ন শ্রেণি- পেশার মানুষের সাথে মত বিনিময় করবে।”

চেয়ারম্যান মানবাধিকার কমিশনের জন্য নিজস্ব কার্যালয় স্থাপনের জন্য রাষ্ট্রপতির সহযোগতিা এবং কার্যক্রম পরিচালনায় দিক নির্দেশনা কামনা করেন।

পরে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেসনালসের (বিউপি) উপাচার্য মেজর জেনারেল শেখ মামুন খালেদ রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন।

সাক্ষাতের সময় বিইউপি ভিসি তার প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম সম্পর্কে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর আচার্য আবদুল হামিদকে অবহিত করেন।

প্রেস সচিব জানান, বিইউপি উপাচার্য বিশ্ববিদ্যালয়ের ‌ভবিষ্যৎ অবকাঠামো পরিকল্পনা প্রতিবেদন ‘রূপকল্প ২০৩০’ রাষ্ট্রপতির কাছে পেশ করেন এবং এর বিভিন্ন দিক সম্পর্কে অবহিত করেন।

রাষ্ট্রপতি বিইউপির কার্যক্রম যাতে বিশ্বের অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোর সাথে তাল মিলিয়ে চলতে পারে সেজন্য উদ্যোগী হওয়ার আহ্বান জানান।

এছাড়া শিক্ষার্থীরা যাতে লেখাপড়ার পাশাপাশি দেশের ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জানতে পারেন সে ব্যাপারেও যথাযথ পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেন।