২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বসুন্ধরা সিটিতে ফের আগুন

রাজধানীর পান্থপথে অবস্থিত বহুতল শপিং কমপ্লেক্স বসুন্ধরা সিটিতে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2016, 12:15 PM

Updated : 11 Oct 2022, 08:38 PM

ফায়ার সার্ভিস জানিয়েছে, রোববার বেলা ১১টার দিকে আগুনের খবর পেয়ে তাদের বেশ কয়েকটি ইউনিট ঘটনাস্থলে যায়। দুই ঘণ্টার চেষ্টায় দুপুর সোয়া ১টার দিকে আগুন ‘অনেকটা নিয়ন্ত্রণে’ এসেছে।

আগুনে এখনও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। বিকাল ৪টার দিকেও ভবনটি থেকে ধোঁয়া বের হচ্ছিল।

আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়নি জানিয়ে ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন) মেজর শাকিল নেওয়াজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভেতরে আগুন কিছুটা আছে, তবে তা নিয়ন্ত্রণে আছে।

“ভেতরে অনেক দাহ্য পদার্থ, সে কারণে আগুন নিয়ন্ত্রণে সময় লাগছে। তবে আগুন নতুন করে ছড়াচ্ছে না।”

বিকাল সাড়ে ৪টার দিকে ভবনের ছাদ আটকে থাকা ১১ জনকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মিজানুর রহমান।

আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে যান ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক। জনপ্রিয় এই শপিং মলে আবারও আগুনের ঘটনায় বাইরে জড়ো হন সংবাদকর্মীরাও।  

বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুন লাগার কথা শোনা গেলেও তা নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস বা কোনো দোকানকর্মী।

ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল আলী আহমদ খান জানিয়েছেন, অগ্নিকাণ্ডের কারণ জানতে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বেলা ১১টার দিকে ছয়তলা থেকে ধোঁয়া দেখতে পাওয়ার কথা ঘটনাস্থল থেকে জানান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সহ-সম্পাদক আলিফ উল্লাহ খান।

আতঙ্কিত হয়ে ভবনটি থেকে ক্রেতা-বিক্রেতারা দ্রুত বেরিয়ে আসতে দেখেন তিনি। তখন ওই এলাকায় হালকা বৃষ্টি হচ্ছিল।

রাজধানীর অন‌্যতম বৃহৎ এই শপিং কমপ্লেক্সে লাগোয়া দুটি ভবন রয়েছে। এর পান্থপথ সড়কমুখী আট তলা ভবন এবং পেছনের ১৯ তলা ভবন।

২০০৯ সালের ১৩ মার্চ এই ভবনের উপরের দিকে ভয়াবহ আগুনে সাত জনের মৃত্যু হয়, আহত হন শতাধিক।

এর পর ওই বছরেরই অগাস্টে এবং ২০১৫ সালের ৩ সেপ্টেম্বর বসুন্ধরা সিটিতে অগ্নিকাণ্ড ঘটে।

পুরনো খবর

আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে, পাঁচ জনের মৃত্যু

বসুন্ধরায় আগুনে সাত জনের মৃত্যু

বসুন্ধরা সিটিতে আগুন নির্বাপণ নিয়ে স্থপতির সন্দেহ  

দুপুর সোয়া ১টার দিকে ফায়ার সার্ভিসের ডিজি আলী আহমদ খান বলেন, আগুন অনেকটা নিয়ন্ত্রণে। ছাদের দিকে কিছু ধোঁয়া আছে। ২/১ ঘণ্টার মধ্যে পরিস্থিতি পুরো নিয়ন্ত্রণে আসবে।

তবে আগুনে এখনও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

সকালে আগুন লাগার পর বসুন্ধরা সিটির নিজস্ব অগ্নিনির্বাপক বাহিনীই প্রথমে কাজ শুরু করে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা খবর পেয়ে তাদের সঙ্গে যোগ দেয়।

ভবনটির সাততলার কাপড়ের দোকান ইনফিনিটির এক কর্মী জানান, ছয়তলায় একটি জুতার দোকানে আগুন লেগেছে। কর্তৃপক্ষের নির্দেশে তারা সবাই বেরিয়ে এসেছেন।

ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা সাংবাদিকদের বলেন, শুরুতে তারা ভবনের কাচ ভাঙার পরিকল্পনা নিয়ে গেলেও বসুন্ধরা সিটি কর্তৃপক্ষ ভাঙতে দেয়নি। কাচ ভাঙা গেলে ধোঁয়া বেরিয়ে পরিস্থিতি আরও দ্রুত উন্নতি হতো।

পুলিশের তেজগাঁও জোনের উপ কমিশনার বিপ্লব কুমার জানান, আগুনে আটতলা ভবনের ছাদের উপরে ১০/১২ জন আটকা পড়েছেন। তারা নিরাপদেই আছেন। ফায়ার সার্ভিস তাদের উদ্ধারের চেষ্টা করছে।

আব্দুল মোমিন নামের চারতলার এক পোশাকের দোকানের কর্মী জানান, ছয়তলার পূর্ব উত্তর কোণে একটি জুতার দোকান থেকে ধোঁয়া বের হচ্ছিল। তখন সবাই আগুন আগুন বলে নেমে যায়।

আগুন দেখতে না পাওয়ার দাবিও করেন তিনি।

 “ওই সময় সবাই কেবল দোকান খুলছিলেন। কাস্টমার ছিল কম। সবাই সুন্দরভাবে নেমে যেতে পেরেছে। ঘটনার পর থেকে বের হয়ে এখানে দাঁড়িয়ে আছি। কোনো আগুন চোখে পড়েনি। শুরু থেকে ধোঁয়াই দেখা যাচ্ছে,” বলেন আব্দুল মোমিন।