ঢাকা, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-অত্যাধুনিক অগ্নিনির্বাপক এবং দুর্ঘটনা পরবর্তী স্বয়ংক্রিয় প্রতিরোধ ব্যবস্থা থাকা সত্ত্বেও বসুন্ধরা সিটিতে আগুন ছড়িয়ে পড়ায় সন্দেহ প্রকাশ করেছেন ভবনটির স্থপতি মো. ফয়েজ উল্লাহ।
শুক্রবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "ভবনটির নির্মাণ পরিকল্পনার সময়ই সব ধরণের দুর্ঘটনা পরবর্তী প্রতিরোধের স্বয়ংক্রিয় অত্যাধুনিক ব্যবস্থা রাখা হয়। এখানে অটোমেটেড বিএসএম (বিল্ডিং ম্যানেজমেন্ট সিস্টেম) ব্যবস্থা রয়েছে।
"এ ব্যবস্থায় পুরো ভবনটির নিরাপত্তা ব্যবস্থা ১০ তলার নিয়ন্ত্রণ কক্ষ থেকে পরিচালনা করা হয়। বিশাল এই নিয়ন্ত্রণ কক্ষ থেকে কম্পিউটারাইজড পদ্ধতিতে পুরো ভবনটির শীতাতপ, বাতাস চলাচল এবং বিদ্যুৎ সরবরাহসহ সব কার্যক্রম নিয়ন্ত্রণ করা হয়।
"এই ব্যবস্থায় অগ্নিকাণ্ডসহ যে কোন প্রকার দুর্ঘটনা চিহ্নিত ও তাৎক্ষণিক প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য প্রতিটি তলায় স্বয়ংক্রিয় পদ্ধতি রয়েছে। এরপরও কেন যে আগুন এত দ্রুত ছড়িয়ে পড়লো তা আমারও প্রশ্ন।"
স্থপতি ফয়েজ উল্লাহ বলেন, "স্বয়ংক্রিয় এই ব্যবস্থায় ভবনটির প্রতিটি তলায় ফায়ার ডিটেক্টর সিস্টেম রয়েছে এবং আগুন লাগলে তা নেভানোর জন্য প্রতিটি তলায়ই প্রশিক্ষিত জনবল রয়েছে। এক্ষেত্রে আগুন লাগামাত্র তা চিহ্নিত হবে এবং প্রশিক্ষিত কর্মীরা তা দ্রুত নিভিয়ে ফেলবে। কিন্তু এতকিছুর পরও আগুন কেন ছড়িয়ে পড়লো এই মূহূর্তে আমি তার কারণ বুঝে উঠতে পারছি না।"
এ ক্ষেত্রে বসুন্ধরা সিটি কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় কোন ত্র"টি ছিলো কিনা প্রশ্ন করা হলে তিনি বলেন, "এখনই এ ব্যাপারে অনুমাননির্ভর কোন কিছু বলা ঠিক হবে না। কারণ এর সঙ্গে অনেক সমীকরণ যুক্ত থাকতে পারে। বিষয়টি খুব ভালোভাবে খতিয়ে দেখতে হবে। এ ব্যাপারে পুরো তদন্তের পরই আগুন ছড়িয়ে পড়ার প্রকৃত কারণ জানা সম্ভব হবে।"
ফয়েজ উল্লাহ বলেন, "দুর্ঘটনার পর মূল নিয়ন্ত্রণ ব্যবস্থা ভেঙ্গে পড়লে পরিস্থিতি মোকাবেলায় ভবনটিতে একটি 'ব্যাকআপ' ব্যবস্থাও রয়েছে। এ ব্যবস্থায় ব্যাটারির মাধ্যমে বিদ্যুৎ সরবরাহসহ বিকল্প লিফট চালু রাখা হয়। কিন্তু এতকিছুর পরও আগুন সনাক্ত হওয়ার পর আগুনের উৎস মানুষকেই নেভাতে হবে।
"আগুনের বৈশিষ্টই হলো দ্রুত ছড়িয়ে পড়া। এক্ষেত্রে যত দ্রুত সম্ভব প্রাথমিক পদক্ষেপ নিতে হয়। কিন্তু আজ (শুক্রবার) ছুটির দিন হওয়ায় প্রাথমিক পদক্ষেপ নিতে কিছুটা বিলম্ব হতে পারে। এটাও আগুন ছড়িয়ে পড়ার একটি কারণ হতে পারে।"
শুক্রবার দুপুর দেড়টার পর বসুন্ধরা সিটি কমপ্লেক্সে প্রতিষ্ঠানটির কর্পোরেট কার্যালয়ে আগুন ধরে। ধীরে ধীরে আগুন উপরের দিকে ওঠে এবং টাওয়ার হিসেবে পরিচিত কমপ্লেক্সের একদিকের ওপর অংশ পুড়ে যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএস/জিএনএ/এইচএ/২১০০ঘ.
bdnews24