বাঙালি ও ব্রিটিশরা ঐতিহাসিকভাবে সম্পর্কযুক্ত: ব্লেক
স্বাধীনতা আন্দোলনে বাঙালির ‘অকৃত্রিম বন্ধু’ ব্রিটিশদের সঙ্গে বাঙালির এক ‘ঐতিহাসিক ও সাংস্কৃতিক’ সম্পর্ক রয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ নিযুক্ত ইংল্যান্ডের ব্রিটিশ হাই কমিশনার অ্যালিসন ব্লেক।
মুক্তিযুদ্ধের সময় বাঙালিদের সমর্থনে ইংল্যান্ড প্রবাসী বাঙালিদের পাশাপাশি ব্রিটিশদের অকুণ্ঠ সমর্থনের নানা কাহিনিচিত্র নিয়ে হয়েছে সাজানো তিন দিনের এই আলোকচিত্র প্রদর্শনী।
শনিবার প্রদর্শনীর শেষদিনে অ্যালিসন ব্লেক বলেন, “আমি তখন ছোট্ট শিশু। বাঙালিদের পাশাপাশি ব্রিটিশ নাগরিকরা যখন আন্দোলন করছে, তার কিছুই আমার মনে নেই। তবে এ প্রদর্শনীতে এসে মনে হচ্ছে, এ এক দারুণ ইতিহাস।
“বাঙালিদের সঙ্গে ব্রিটিশদের এক দারুণ সম্পর্ক রয়েছে, এ প্রদর্শনী তারই স্বাক্ষ্য দেয়। এখানে এসে জানলাম, বাঙালির স্বাধীনতা আন্দোলনের কথা, একাত্তরের নির্মম গণহত্যার কথা। প্রতিটি ছবি বলছে যুদ্ধের ভয়াবহতার কথা, নির্মমতার কথা। ইতিহাসের এক বড় স্বাক্ষ্য এই প্রদর্শনী।”
প্রদর্শনী ঘুরে দেখে ব্রিটিশ হাইকমিশনার বলেন, “ছবিতে শুধু সেদিনের লন্ডন আর ব্রিটিশদের কথাই বলা হয়নি। আমি দেখলাম প্রতিটি ছবিতেই ফুটে উঠেছে বাঙালির জাতীয়তাবাদ।”
বাংলাদেশ-ব্রিটিশ সম্পর্ককে ‘অত্যন্ত মজবুত, বন্ধুত্বপূর্ণ ও বহুমুখী’ হিসেবে অভিহিত করে ব্লেক বলেন, “পৃথিবী জুড়ে সন্ত্রাসবাদের বিস্তার হয়েছে। জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে উঠেছে। সন্ত্রাস-জঙ্গিবাদ মোকাবেলায় বাংলাদেশ ও ইংল্যান্ড একযোগে কাজ করবে।”
জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি এ কে আবদুল মোমেন বলেন, “পত্রিকায় প্রকাশ হওয়া গুটিকয়েক ছবির বাইরে অনেক ছবির কথাই আমরা জানতাম না। আয়োজক প্রজেক্ট লন্ডন-এর কর্মীরা সেসব ছবি উদ্ধার করেছে।”
তিনি বলেন, “রোমাঞ্চকর এই প্রদর্শনীতে এসে সত্যি উদ্ধুদ্ধ হলাম। বাঙালির আত্মত্যাগ, একাত্তরের গণহত্যার পাশাপাশি প্রবাসে বাঙালিদের অপরিসীম সহযোগিতার পাশাপাশি ব্রিটিশ সরকারের অবদানের কথা আমরা কখনও ভুলবো না।”
সাংবাদিক সুমাইয়া জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে প্রজেক্ট লন্ডন ১৯৭১-এর উদ্যোক্তা ও সমন্বয়কারী উজ্জ্বল দাশ বক্তব্য রাখেন।
