২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সমাজের সর্বস্তরে সাম্প্রদায়িকতা ঢুকেছে: মুনতাসীর মামুন

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসাম্প্রদায়িক বাংলাদেশ নীতি’ থেকে দূরে সরে আসায় সমাজের প্রতিটি স্তরে সাম্প্রদায়িকতা ঢুকে পড়েছে বলে মন্তব্য করেছেন ইতিহাস গবেষক মুনতাসীর মামুন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2016, 09:18 PM

Updated : 20 Aug 2022, 01:29 PM

শনিবার রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি বলেন, “এখন মানুষের মানস গঠনেও সাম্প্রদায়িক ভাবনা কাজ করে। স্বাধীন বাংলাদেশে বঙ্গবন্ধুর সবচেয়ে বড় অবদান তিনি অসাম্প্রদায়িকতাকে রাষ্ট্রের মূল নীতি করেছিলেন, যাকে আমরা ধর্মনিরপেক্ষতা বলি।”

জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে ‘শেখ মুজিব থেকে বঙ্গবন্ধু এবং বাংলাদেশ রাষ্ট্রের প্রতিষ্ঠা’ শিরোনামে এই অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ ইতিহাস সম্মিলনী নামের সংগঠন।

Image
মুনতাসির মামুন

মুনতাসির মামুন

এতে বঙ্গবন্ধুকে ‘রাজনীতির শিল্পী’ হিসেবে অভিহিত করে মুনতাসীর মামুন বলেন, “তিনি (বঙ্গবন্ধু) সবাইকে নিয়ে কাজ করতে চেয়েছিলেন। পৃথিবীর আর কোনো রাষ্ট্রনায়ক ধর্মকে নিষিদ্ধ করে রাজনীতি করার সাহস দেখাননি। শুধু বঙ্গবন্ধুই তা করেছিলেন।

“এখনকার রাজনীতিবিদদের মধ্যে বঙ্গবন্ধুর সাহস ও দূরদর্শিতার অভাব দেখি। আজকের বাংলাদেশের উন্নতির যে ভিত, তা বঙ্গবন্ধু শুরু করেছিলেন। তাই উন্নতির কৃতিত্ব এখনকার রাজনীতিবিদদের নয়।”

অধ্যাপক মামুনের সভাপতিত্বে এই অনুষ্ঠানে বঙ্গবন্ধুকে নিয়ে একক বক্তৃতা অংশ নেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান।

তিনি বলেন, “বঙ্গবন্ধু শুধু রাজনীতির কবি নন, তিনি রাজনীতির কাঠামো নির্মাণের স্থপতিও ছিলেন। শেখ মুজিব সময়োপযোগী রাজনৈতিক পদক্ষেপ নেয়ার ক্ষেত্রে সুদক্ষ ছিলেন।

গণমানুষের সঙ্গে বঙ্গবন্ধুর আন্তরিক সম্পর্ক ছিল মন্তব্য করে শামসুজ্জামান খান বলেন, “তার প্রতি মানুষের অগাধ বিশ্বাস থেকেই এসেছিল ওই অমিত সাহস আর মানুষের মন বুঝে সময়োপযোগী সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা।

“তিনি কখনোই রাজনীতিক মিথ্যাচার, শঠতা ও চাণক্য নীতির আশ্রয় নেননি।”

বঙ্গবন্ধুর বাকশাল গঠন নিয়ে নানা সমালোচনার প্রেক্ষিতে বাংলা একাডেমির এই মহাপরিচালক বলেন, “মুক্তিযুদ্ধের চেতনা নির্ভর ধর্মনিরপেক্ষ ও শোষণহীন র‌্যাডিক্যাল গণতন্ত্রের পাটাতন হিসেবেই বাকশাল গঠন করেছিলেন।

“ইংরেজ প্রবর্তিত ঔপনিবেশিক শাসন কাঠামোর জায়গায় জনগণের দ্বারা নির্বাচিত তৃণমূলভিত্তিক এক নতুন গণতান্ত্রিক শাসন কাঠামো গড়ে উঠত। শোষিতের গণতন্ত্র প্রতিষ্ঠায় তা ফলপ্রসূ হতে পারতো।”

শিল্পী হাশেম খান বঙ্গবন্ধুর স্মৃতিচারণ করে বলেন, “বঙ্গবন্ধু রুচিশীল ছিলেন, তার শিল্পমানস অত্যন্ত আধুনিক ছিল। সেজন্যই তিনি ছিলেন মানবিক।”

বঙ্গবন্ধুর ছয় দফা উত্থাপনের আগে নানা মুহূর্তের স্মৃতিচারণ করে তিনি বলেন, “ছয় দফার পোস্টার ও লোগো আঁকতে দেওয়া হয়েছিল আমাকে। ডিজাইন করে বঙ্গবন্ধুকে দেখাই। আমি খুব ভয়ে ছিলাম, সেটা বাতিল করে দেয় কিনা।

“বঙ্গবন্ধু আমার কাছে ছয় দফার লোগোর ব্যাখ্যা জানতে চাইলেন। আমি বললাম, এই ছয় দফা বাংলাদেশের প্রত্যাশার কথা বলছে। বাংলাদেশ যেমন ছয়টি ঋতুর দেশ তেমনি এই ছয় দফাও আমাদের অস্তিত্বের প্রতীক।”