জঙ্গিবাদের তথ্য বিনিময়ে ঢাকা-দিল্লি ওয়ার্কিং গ্রুপ
সন্ত্রাস ও জঙ্গিবাদ সম্পর্কিত তথ্য পর্যবেক্ষণ ও বিনিময়ের জন্য একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠন করতে সম্মত হয়েছে বাংলাদেশ ও ভারত।
দিল্লি সফররত তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু শুক্রবার সাংবাদিকদের বলেন, “তথ্য বিনিময়ের জন্য শিগগিরই একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ তৈরি করতে সমঝোতা স্মারকে স্বাক্ষরের বিষয়ে আমরা একমত হয়েছি। এই ওয়ার্কিং গ্রুপ পর্যবেক্ষণ করবে এবং তথ্য বিনিময় করবে।”
এই সফরে ইনু ভারতের তথ্যমন্ত্রী ভেঙ্কাইয়া নাইডু এবং দিল্লির নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন।
তিনি বলেন, সন্ত্রাসবাদ ও মৌলবাদের মোকাবেলা করতে হবে রাজনৈতিকভাবে, এটা কেবল আইন-শৃঙ্খলার বিষয় নয়।
সঠিক তথ্যের যথাযথ প্রাপ্তি নিশ্চিত করা গেলে সন্ত্রাসবাদ ও মৌলবাদ হটানো সহজ হবে বলেও মত দেন তথ্যমন্ত্রী।
এক প্রশ্নের জবাবে ইনু বলেন, বাংলাদেশের সাম্প্রতিক জঙ্গিবাদের পেছনে ‘জামায়াতে ইসলামী ও পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এর ইন্ধন’ রয়েছে।
এসব ঘটনার সঙ্গে মধ্যপ্রাচ্যের জঙ্গি দল আইএস এর কোনো যোগাযোগ নেই বলেও দাবি করেন তিনি।
‘ইতিহাসবিকৃতি ও মিথ্য প্রচার’ রোধ করতে বাংলাদেশ ও ভারত যৌথভাবে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের ওপর একটি তথ্যচিত্র এবং পরে একটি ফিচার ফিল্ম তৈরি করবে বলে জানান মন্ত্রী।
২০২০ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং ২০২১ সালে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীকে উপলক্ষ্য করে ওই তথ্যচিত্র নির্মাণ করা হবে।
“আমরা নতুন করে বাংলাদেশকে আবিষ্কার করব, ইতিহাসকে আবিষ্কার করব। সেই সঙ্গে এটা সন্ত্রাস ও মৌলবাদকেও ধ্বংস করবে।”
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে আত্মত্যাগ করা আট হাজার ভারতীয় সেনা সদস্যকে স্বীকৃতি দিতে দিল্লিকে তাদের বিস্তারিত পরিচয় জানানোর অনুরোধ করা হয়েছে বলে জানান ইনু।
