২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

প্রবাসীদের জঙ্গিবিরোধী করতে সিঙ্গাপুর যাবে সংসদীয় কমিটি

প্রবাসী বাংলাদেশি শ্রমিকদের মধ‌্যে জঙ্গিবাদবিরোধী সচেতনতা তৈরির উদ্দেশে সিঙ্গাপুর সফর করবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2016, 09:05 PM

Updated : 12 Apr 2022, 02:41 AM

একটি প্রতিনিধি দলকে এ সফরে পাঠানোর সিদ্ধান্ত বৃহস্পতিবার হয়েছে বলে জানিয়েছেন কমিটির সভাপতি নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন।

সিঙ্গাপুরে নির্মাণ খাতে কাজে থাকা ২৭ জন বাংলাদেশিকে গত ১৬ নভেম্বর থেকে ১ ডিসেম্বরের মধ্যে দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা আইনে গ্রেপ্তার করা হয়।

তারা বাংলাদেশের সরকারের বিরুদ্ধে সশস্ত্র জিহাদের পরিকল্পনায় ছিলেন বলে জানায় সিঙ্গাপুর।

এরপর ২৬ জনকে ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে ফেরত পাঠানো হয় বাংলাদেশে। পরে গত মে মাসে সিঙ্গাপুরে জঙ্গি অর্থায়নে অভিযোগে চারজনকে দোষী সাব্যস্ত করে দেশটির আদালত।

কমিটির সভাপতি নুরুল মজিদ সাংবাদিকদের বলেন, “বাংলাদেশি শ্রমিকরা যাতে জঙ্গিবাদে জড়িয়ে না পড়ে সেজন্য তাদের ওরিয়েন্টেশন দরকার। কমিটির প্রতিনিধি দল সিঙ্গাপুরে বাংলাদেশি শ্রমিকদের সঙ্গে কথা বলবে।”

সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে বিদেশে শ্রম বাজার আরো সম্প্রসারণের জন্য কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখা এবং অধিকহারে বৈদেশিক কর্মসংস্থানের মাধ্যমে বেকারত্ব নিরসনের লক্ষ্যে শ্রমিক গ্রহণকারী দেশগুলোর সাথে দ্বিপক্ষীয় আলোচনার সুপারিশ করা হয়।

এছাড়া প্রবাসী কল্যাণ ব্যাংকের চেয়ারম্যান পদে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিবকে পদাধিকার বলে নিয়োগ করার সুপারিশ করা হয়।

প্রবাসী কল্যাণ ব্যাংকের শাখাগুলোকে সুষ্ঠু পরিচালনার জন্য প্রয়োজনীয় জনবল পদায়নের সুপারিশ করা হয়।

নূরুল মজিদ মাহমুদ হুমায়ুনের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য শাহাব উদ্দিন, মন্নুজান সুফিয়ান, মাহমুদ উস সামাদ চৌধুরী এবং মাহফুজুর রহমান অংশ নেন। এছাড়া বিশেষ আমন্ত্রণে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নূরুল ইসলাম বিএসসি বৈঠকে যোগ দেন।

পুরনো খবর:

সিঙ্গাপুর ফেরত ৫ জন রিমান্ডে
জঙ্গি অর্থায়ন: সিঙ্গাপুরে ৪ বাংলাদেশির সাজা