২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদ ও নির্বাহী বিভাগকে সতর্ক থাকার আহ্বান প্রধান বিচারপতির

আইন প্রণয়নে সংসদ এবং ক্ষমতা প্রয়োগে নির্বাহী বিভাগকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি এস কে সিনহা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2016, 08:39 PM

Updated : 20 Aug 2022, 01:28 PM

প্রয়াত অ্যাটর্নি জেনারেল মাহমুদুল ইসলাম স্মরণে বৃহস্পতিবার আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।

প্রধান বিচারপতি বলেন, “আমরা আশা করব, আমাদের জাতীয় সংসদের সদস্যদের কাছে, আপনারা যখন আইন করবেন, আইনগুলো যাতে সঠিকভাবে হয়। যাতে বিচার বিভাগের উপর প্রেসার না পড়ে যায়, আপনারা যখন ত্রুটিপূর্ণ আইন করবেন, তখন কিন্তু আমাদের প্রেসার পড়ে যায়।

“সেইভাবে প্রশাসনে যারা আছেন, তারা তাদের লাইন, ডিমার্কেশন, পরিধির বাইরে হস্তক্ষেপ করবেন না। এটাতে বিচার বিভাগের উপর চাপ পড়ে যায়।”

দেশে দুই ধরনের বিচার ব্যবস্থা দেখতে চান না বলেও মন্তব্য করেন রাষ্ট্রের তিন অঙ্গের একটি বিচার বিভাগের সর্বোচ্চ ব‌্যক্তি এস কে সিনহা।

এই অনুষ্ঠানে প্রধান বিচারপতির বক্তব‌্যের সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া এবং সরকারের আইনমন্ত্রী আনিসুল হক।

তারা প্রধান বিচারপতির পরে বক্তব্য দিলেও সংসদ ও নির্বাহী বিভাগকে নিয়ে বিচারপতি সিনহার বক্তব্যের বিষয়ে কোনো মন্তব্য করেননি।

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জ‌্যেষ্ঠ আইনজীবী কামাল হোসেন, রফিক-উল-হক, এম আমীর-উল ইসলাম, আবদুল বাসেত মজুমদার, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ইউসুফ হোসেন হুমায়ুন এবং সম্পাদক এ এম মাহবুব উদ্দিন খোকন।

পুরনো খবর:

বিচার বিভাগের ক্ষমতা কেড়ে নিতে চাচ্ছে: প্রধান বিচারপতি
বিচার বিভাগকে কটাক্ষ করবেন না: প্রধান বিচারপতি