পুরান ঢাকায় দগ্ধ আরেক যুবকের মৃত্যু
পুরান ঢাকার তাঁতিবাজারে এক বাসায় অগ্নিকাণ্ডে দগ্ধ আরেক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে হীরা নামের ২৫ বছর বয়সী ওই যুবকের মৃত্যু হয় বলে কোতোয়ালি থানার ওসি আবুল হাসান জানান।
ওই ঘটনায় দগ্ধ রুবেল নামের ২৪ বছর বয়সী এক যুবক বুধবার মারা যান।
ওসি বলেন, রোববার ভোররাতে তাঁতিবাজারের রাধিকা বসাক লেনের একটি বাসার নিচতলায় এক ঘরে আগুন লাগলে হীরা ও রুবেল দগ্ধ হন।
তারা শাঁখারি বাজারে বাদ্যযন্ত্রের সরঞ্জামের একটি দোকানের কর্মচারী ছিলেন। দুজনেরই গ্রামের বাড়ি কুমিল্লার দাউদকান্দিতে।
হীরা প্রায় আট বছর ধরে ওই দোকানে কাজ করছিলেন। আর রুবেল দুই মাস আগে সেখানে চাকরি নেন।
“তারা আগে দোকানেই ঘুমাতো। কিন্তু সেখানে জায়গা কম বলে দোকান মালিক সুমন রাধিকা বসাক লেনের ওই বাড়ির নিচতলায় একটি ঘর ভাড়া করে দেন। হীরা ও রুবেল ওইদিনই প্রথম সেখানে ঘুমাতে যান।”
রোববার ভোর রাতে ওই ঘরে আগুন ধরে গেলে ফায়ার সার্ভিস এসে দুজনকে উদ্ধার করে।
আগুনে হীরার শরীরের ৯০ শতাংশ এবং রুবেলের ৮০ শতাংশ পুড়ে গিয়েছিল বলে চিকিৎসকদের বরাত দিয়ে জানান ওসি।
আগ্নিকাণ্ডের কারণ জানাতে গিয়ে পুলিশ কর্মকর্তা আবুল হাসান বলেন, “ওই কক্ষটি দুই মাস ধরে বন্ধ ছিল। রাতে তারা মশার কয়েল জ্বালিয়ে ঘুমিয়েছিলেন। বন্ধ ঘরে জমে থাকা গ্যাসের কারণে আগুন লেগে যায় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”
