সমানে সমান দেখতে চাই: প্রধানমন্ত্রী
উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষার ফল হাতে পেয়ে মেয়েদের এগিয়ে যাওয়ার তথ্য দেখে আনন্দ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা; সমান তালে এগিয়ে যেতে ছেলেদের মনোযোগী হওয়ার তাগিদ দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার গণভবনে ফল হস্তান্তর অনুষ্ঠানে তিনি বলেন, “প্রতিযোগিতায় মেয়েরা এগিয়ে যাচ্ছে, ছেলেদের পিছিয়ে থাকলে চলবে না। ঠিকমত পড়াশোনা করে আগামীতে যেন একেবার সমানে সমান হয়- সেটাই আমি দেখতে চাই।”
অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রধানমন্ত্রীর হাতে ফলাফলের অনুলিপি হস্তান্তর করেন।
এ পরীক্ষায় এবার ৭৪ দশমিক ৭০ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন, জিপিএ-৫ পেয়েছেন ৫৮ হাজার ২৭৬ জন। গতবার পাসের হার ছিল ৬৯ দশমিক ৬০ শতাংশ, জিপিএ-৫ পেয়েছিলেন ৪২ হাজার ৮৯৪ জন।
এবার ছেলেদের পাসের হার ৭৩.৯৩ শতাংশ এবং মেয়েদের ৭৫.৬০ শতাংশ।
প্রধানমন্ত্রী বলেন, “পাসের হার বৃদ্ধি পাচ্ছে এতে আমি অত্যন্ত আনন্দিত। আরেকটিু বেশি আনন্দিত যে আমাদের মেয়ে শিক্ষার্থী বেড়ে গেছে এবং তাদের পাসের হার বাড়ছে।
“তবে এখানে আমি মনে করি, ছেলে-মেয়ে যে-ই হোক, সন্তান সন্তানই। এরা সকলেই শিক্ষার্থী। কিন্তু ছেলেদের আর একটু পড়াশোনায় মনোযোগী হতে হবে। কারণ ছেলেদের একটু বাইরে-বাইরে ঘোরা আর দুষ্টুমি করার দিকে বোধহয় নজরটা বেশি থাকে ... পড়াশোনা, বই নিয়ে বসে থাকা- এই সময়টা দিতে চায় না।”
এজন্য অভিভাবক ও শিক্ষদের আরেকটু যত্নবান হওয়ার তাগিদ দিয়ে তিনি বলেন, “সবাই ভালোভাবে পড়াশোনা করবে, পাস করবে- সেটাই আমরা চাই।
“বাচ্চারা দুষ্টুমি করবে, খেলাধুলা করবে ... আমরাও চাই খেলাধুলার দিকে মনোযোগী হোক। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, সংস্কৃতি চর্চা সবকিছুরই প্রয়োজন আছে। সবই চর্চা করতে হবে। কারণ ফিটনেস একান্ত দরকার। কিন্তু সেই সাথে সাথে পড়াশোনা অবশ্যই করতে হবে।”
এ সময় সন্ত্রাস-জঙ্গিবাদ ও মাদক ‘পরিহার’ করে ‘নিজেদের গড়ে তুলতে’ এবং দেশ গঠনে ভূমিকা রাখতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।
পরীক্ষায় যারা পাস করতে পারেনি তাদের আরেকটু মনোযোগী হওয়ার কথা বলেন তিনি।
শেখ হাসিনা বলেন, বিভিন্ন দেশের স্কুলের ছেলে-মেয়েদের দেখে তার মনে হয়েছে, বাংলাদেশের ছেলে-মেয়েরাই সবচেয়ে মেধাবী।
“আমি চাই আমাদের ছেলে-মেয়ে উভয়েই মনোযোগ দিয়ে পড়াশোনা করবে। কারণ বিশ্বের যে কোনো দেশের ছেলে-মেয়েদের থেকে আমাদের দেশের ছেলে-মেয়েরা অত্যন্ত মেধাবী- এটা আমি বিশ্বাস করি।”
এ প্রসঙ্গে বিভিন্ন দেশের স্কুল পরিদর্শনের কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, “আমার সৌভাগ্য হয়েছে পৃথিবীর বিভিন্ন দেশে যাওয়ার। যখন যেখানে গিয়েছি অনেক স্কুল আমি পরিদর্শন করেছি, অনেক স্কুলের ছেলে-মেয়েদের সঙ্গে কথা বলেছি।
“আমার সবসময়ই মনে হয়েছে, আমাদের ছেলে-মেয়েরা সবথেকে মেধাবী ছেলে-মেয়ে; প্রয়োজন শুধু সুযোগটা সৃষ্টি করে দেওয়া।”
এসময় যেসব উপজেলায় সরকারি কলেজ নেই সেখানে তা করে দেওয়ার সিদ্ধান্তের কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ স্বাধীন হওয়ার পর যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠনের সময় শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথা স্মরণ করে শেখ হাসিনা বলেন, তার সরকারও শিক্ষাকে ‘সবচেয়ে বেশি’ গুরুত্ব দিচ্ছে, কারণ দরিদ্রমুক্ত দেশ গড়ার ‘প্রধান হাতিয়ার’ শিক্ষিত জাতি।
শেখ হাসিনা তার শাসনামলে শিক্ষার উন্নয়নে বিভিন্ন প্রণোদনা ও স্কুল থেকে ঝরে পড়া রোধে নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা অনুষ্ঠানে তুলে ধরেন এবং এসব পদক্ষেপের ফলেই পাসের হার বাড়ছে বলে মন্তব্য করেন।
এছাড়া উচ্চ ও কারিগরি শিক্ষার জন্য বিভিন্ন বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান তৈরি ও গবেষণার ওপর সরকারের গুরুত্ব দেওয়ার তথ্য তুলে ধরেন।
ফল হস্তান্তর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সুনামগঞ্জ ও কক্সবাজার জেলায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে মত বিনিময় করেন।
