‘অসাম্প্রদায়িক রাজনীতির কথা নেতাদের মুখে মুখেই’
ধর্মভিত্তিক রাজনীতির প্রেক্ষাপটে দেশে জঙ্গিবাদের উত্থান হয়েছে মন্তব্য করে এ ধরনের রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করে অসাম্প্রদায়িক রাজনীতি চালুর দাবি জানিয়েছেন নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার।
বুধবার বিকালে রাজধানীতে এক অনুষ্ঠানের মূল বক্তব্যে তিনি বলেন, “ধর্মভিত্তিক রাজনীতির প্রেক্ষাপটে দেশে জঙ্গিবাদের উত্থান হলে রাষ্ট্রক্ষমতায় আসীন সরকারগুলো সে ব্যাপারে মোটেই মাথা ঘামায়নি।
“আমাদের রাজনৈতিক নেতারা মুখে মুখেই অসাম্প্রদায়িক রাজনীতির কথা বলেন। কিন্তু এসবই তো তাদের ভোটের রাজনীতি। তারা মনে করে, ধর্মভিত্তিক দলগুলোর বিরুদ্ধে কিছু করলেই ভোটে কমতি পড়বে।”
বঙ্গবন্ধুর ৪১তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করে মুক্তিযুদ্ধ জাদুঘর।
পঁচাত্তরে বঙ্গবন্ধুকে হত্যার পর জামায়াতে ইসলামীকে পুর্নবাসিত করার মধ্য দিয়েই দেশে ধর্মভিত্তিক সাম্প্রদায়িক রাজনীতি নতুন করে শুরু হয় বলে মন্তব্য করেন নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার।
তার মতে, বঙ্গবন্ধুকে হত্যার পর গোটা সমাজে মানসিকতার বড় পরিবর্তন করে ফেলেছে জামায়াত।
স্বাধীন দেশে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাসনব্যবস্থা নিয়ে এখনও অনেকে প্রশ্ন তোলায় বিস্ময় প্রকাশ করেন এই নাট্যব্যক্তিত্ব ।
তিনি বলেন, “বঙ্গবন্ধু তো দেখেছেন, ইসলামের নামে মুসলমান পাক হায়েনারা কিভাবে বাঙালি মুসলমানদের হত্যা করেছে। পাকিস্তান রাষ্ট্রটি হওয়ার পর বাঙালিদের উপর নানা জুলুম-অত্যাচার তিনি তো ভুলে যাননি।
“তিনি সবসময় চেয়েছেন, এ দেশ হবে সবার, সব ধর্মের মানুষের। তিনি কখনও মানুষে-মানুষে তফাৎ করেননি। তিনি বাঙালিদের বড় বিশ্বাস করতেন। অথচ সেই বাঙালিরাই তাকে মেরে ফেলল।”
বঙ্গবন্ধু হত্যার পর জিয়াউর রহমানের শাসনামলে ধর্মভিত্তিক রাজনীতির প্রবর্তন হওয়ায় দেশ ক্রমেই সাম্প্রদায়িকতার পথে এগিয়েছে বলে মনে করেন আন্তর্জাতিক থিয়েটার ইনস্টিটিউটের (আইটিআই) এই সভাপতি।
“…এরপরই জামায়াতে ইসলামীকে রাজনীতির অধিকার দেওয়া হল। তাদের রাষ্ট্রক্ষমতার অংশীদারিত্ব দেওয়া হল। বঙ্গবন্ধু হত্যার পর গোটা সমাজে মানসিকতার বড় পরিবর্তন করে ফেলেছে জামায়াত, খুব ভয়াবহ এটি।”
বঙ্গবন্ধুর ঐতিহাসিক ‘রাজনৈতিক কবিতা’ ৭ই মার্চের ভাষণ ‘বাংলাদেশ আমার বাংলাদেশ’ নামে লিখিত সংকলন করেছিলেন রামেন্দু মজুমদার। বক্তব্যের ফাঁকে তিনি জানান, এবার সেই সংকলনের অডিও ভার্সন প্রকাশ করবেন তিনি। প্রধানমন্ত্রীর চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে সেটি।
দেশীয়-আন্তর্জাতিক ‘ষড়যন্ত্রে’ বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, “সেদিন বঙ্গবন্ধুর উপর স্বাধীনতার ঘোষণার জন্য অনেক চাপ ছিল।
“কিন্তু বঙ্গবন্ধু বুঝলেন, সরাসরি স্বাধীনতার ডাক দিলে পাকিস্তান সরকার তাকে বিচ্ছিন্নতাবাদী হিসেবে আখ্যা দেবে, হিতে বিপরীত হতে পারে। পরে তিনি আঞ্চলিক ভাষায় স্বাধীনতার ঘোষণাটি এমনভাবে দিলেন যে সারা বিশ্বে পৌঁছে গেল বার্তা, বাঙালি এবার মুক্তিসংগ্রামে প্রস্তুত।”
বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠার লক্ষ্যে রাজনৈতিক-সামাজিক নানা কর্মকাণ্ডের পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ডকে আরও বেশি বেগবান করে তুলতে হবে বলে অনুরোধ করেন তিনি।
এর আগে অনুষ্ঠানের সূচনা বক্তব্যে মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ও সদস্য সচিব জিয়াউদ্দিন তারিক আলী বলেন, “বঙ্গবন্ধু যদি আজ বেঁচে থাকতেন, তবে দেশে আজ সাম্প্রদায়িক মৌলবাদীরা বিষবাষ্প ছড়াত না।”
