২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় শোক দিবস পালন বিজিবির

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার ৪১তম বার্ষিকীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2016, 11:06 PM

Updated : 12 Apr 2022, 02:40 AM

সোমবার দিনের কর্মসূচি অনুযায়ী বিজিবি সদর দপ্তরসহ সব অঞ্চল, সেক্টর, প্রতিষ্ঠান, ইউনিটসমূহের মসজিদে কোরআন খতম এবং ফজরের নামাজের পর বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহত সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

বিজিবির সকল স্থাপনায় জাতীয় পতাকা অর্ধনমিত রাখার পাশাপাশি বঙ্গবন্ধুর জীবনীর উপর আলোচনা সভা ও প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

পিলখানায় আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ।

বিজিবি মহাপরিচালক তার বক্তব্যে বঙ্গবন্ধুর জীবনাদর্শ ও উপদেশ অনুসরণের জন্য সকলের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে বঙ্গবন্ধুর কর্মময় জীবনের উপর বিস্তারিত আলোচনা করেন অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. হাবিবুল করিম। মূল আলোচক ছিলেন ৪৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. শহিদুর রহমান।

সভায় অন্যদের মধ্যে নায়েব সুবেদার মো. আব্দুল ওয়াহাব এবং সিপাহী সহকারী শেখ সুজন বঙ্গবন্ধুর শৈশব থেকে শুরু করে বঙ্গবন্ধুর সংগ্রামী ও রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন।

এর আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীর উপর নির্মিত প্রামাণ্যচিত্র ‘চিরঞ্জীব বঙ্গবন্ধু’, ‘অসমাপ্ত মহাকাব্য’ এবং বাংলাদেশ মিলিটারি একাডেমিতে ১ম ব্যাচের ক্যাডেটদের পাসিং আউট অনুষ্ঠানে প্রদত্ত বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ প্রদর্শন করা হয়।

পিলখানায় কর্মরত বিজিবির সকল পর্যায়ের কর্মকর্তা, সৈনিক ও অসামরিক কর্মচারীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।