২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

অর্থ আত্মসাৎ: ব্যবসায়ী ও সাবেক ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

সোনালী ব্যাংক নারায়ণগঞ্জ ফরেন এক্সচেঞ্জ শাখা থেকে আত্মসাতের দুই মামলায় ওই শাখার সাবেক ব্যবস্থাপক (চাকরিচ্যুত) মো. আব্দুস সামাদ এবং মো. আনিসুজ্জামান নামের এক ব্যাবসায়ীকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2016, 02:13 PM

Updated : 20 Aug 2022, 01:27 PM

দুদকের উপসহকারী পরিচালক আতাউর রহমান সরকার রোববার রাজধানীর ধানমণ্ডির শংকর এলাকা থেকে সামাদকে এবং নারায়ণগঞ্জ থেকে আনিসুজ্জামানকে গ্রেপ্তার করেন বলে দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য জানিয়েছেন।

তিনি জানান, ২০১৩ সালের জুলাই নারায়ণগঞ্জ থানায় দুদকের দায়ের করা মামলার আসামি আব্দুস সামাদের বিরুদ্ধে অভিযোগ, তিনি কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই সোনালী ব্যাংক নারায়রণগঞ্জ ফরেন এক্সচেঞ্জ শাখার গ্রাহক মেসার্স শুভ ফ্যাশনের নামে ব্যাক টু ব্যাক এলসির মাধ্যমে আমদানি করা মালামাল রপ্তানি না করে খোলা বাজারে বিক্রি করে ২২ কোটি ৯১ লাখ ৬২ হাজার ৫২৪ টাকা আত্মসাৎ করেন।

একই ধরনের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন আনিসুজ্জামান।

ব্যাংকের ওই শাখার কর্মকর্তাদের সঙ্গে যোগসাজশে একই কায়দায় মালামাল বিক্রি করে ২৭ কোটি ৮২ লাখ ১৯ হাজার টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে ‘মেসার্স এঞ্জেল অ্যাপারেল’ এর স্বত্বাধিকারী আনিসুজ্জামানের বিরুদ্ধে।

আত্মসাতের ঘটনায় ২০১৩ সালের অগাস্টে আনিসুজ্জামাকে আসামি করে মামলা করেছিল দুদক।