চলচ্চিত্র প্রদর্শনী ও আলোচনায় তারেক-মিশুককে স্মরণ
শতাব্দীর প্রথম দশকে বাংলা চলচ্চিত্র যখন নানা প্রতিবন্ধকতা উপেক্ষা করে নতুন ভাষা তৈরি করছে, আন্তর্জাতিক অঙ্গনে কুড়াচ্ছে সুনাম- তখনই নিয়তির নির্মম পরিহাস কেড়ে নিল বাংলা চলচ্চিত্রের বাঁকবদলের অন্যতম রূপকার তারেক মাসুদ ও তার সহযোদ্ধা মিশুক মুনীরকে।
শনিবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় সঙ্গীত ও নৃত্যকলা মিলনায়তনে ‘তারেক মাসুদ ও মিশুক মুনীর স্মরণে চলচ্চিত্র প্রদর্শনী ও আলোচনা সভায়’ এসে চলচ্চিত্র সংসদ আন্দোলনের কর্মীরা মেতে উঠেছিলেন নানা স্মৃতিচারণায়।
২০১১ সালে ১৩ আগস্ট মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন চলচ্চিত্রকার তারেক মাসুদ এবং খ্যাতিমান চিত্রগ্রাহক মিশুক মুনীর। মারা যান আরও তিনজন। মারাত্মকভাবে আহত হন তারেক মাসুদের জীবনসঙ্গী এবং চলচ্চিত্র সঙ্গী ক্যাথরিন মাসুদ।
তারেক-মিশুক স্মরণে এই প্রদর্শনী ও আলোচনা সভা যৌথভাবে আয়োজন করে শিল্পকলা একাডেমি, ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশ (এফএফএসবি) এবং প্রজন্ম’৭১।
আয়োজনের শুরুতেই দেখানো হয় তারেক মাসুদ নির্মিত চলচ্চিত্র ‘রানওয়ে’। এরপর সন্ধ্যায় তারেক মাসুদ, মিশুক মুনীরসহ নিহত চলচ্চিত্রকর্মীদের স্মরণে মঙ্গলপ্রদীপ প্রজ্বলন করা হয়। পরে তারেক-মিশুক স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। তারেক মাসুদ নির্মিত চলচ্চিত্র ‘রানওয়ে’ বিষয়ে আলোচনায় ছিলেন চলচ্চিত্র সমালোচক অধ্যাপক আ. আল মামুন।
অগ্রজ চলচ্চিত্রকার মোরশেদুল ইসলাম বলেন, “তারেক মাসুদ বেঁচে থাকলে আজ দেশে সে জঙ্গি সমস্যা সৃষ্টি হয়েছে, তা নিয়ে হয়তো একটি চলচ্চিত্র নির্মাণ করতেন।”
সভায় বক্তারা বলেন, তারেক ‘মাটির ময়না’, ‘রানওয়ে’ এর মতো চলচ্চিত্র নির্মাণ করে ভিন্নধারার বাংলা চলচ্চিত্রকে নতুন উচ্চতায় নিয়ে গিয়েছিলেন... তার মতো চলচ্চিকারের অভাব এখনও মিডিয়া জগতে রয়েছে। এ ক্ষতি পূরণ হবার নয়।
আলোচনায় বাংলাদেশ ফিল্ম আকার্ইভসের মহাপরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, “ফিল্ম আর্কাইভে চলচ্চিত্র সংরক্ষণ ও ডিজিটাল প্রযুক্তি প্রণয়নে তারেক মাসুদ একটা ভূমিকা পালন করেছিলেন। আশির দশকে জাতীয় চলচ্চিত্র নীতিমালার একটি খসড়া আমার হাতে ধরিয়ে দিয়ে বলেছিলেন ‘এটি রেখে দিন ভবিষ্যতে কাজে লাগবে’। আজ সত্যি তা কাজে লাগছে।”
মিশুক মুনীর সর্ম্পকে তিনি বলেন, “নিভৃতচারী মানুষটি প্রযুক্তির সঙ্গে আধুনিকতার সংযোগ ঘটিয়ে সংবাদ সম্প্রচারের ধারণা বদলে দিতে চেয়েছিলেন।”
শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী বলেন, “সময়ের চাহিদা অনুযায়ী শিল্প কর্মের মাধ্যমে জাতির কথা তুলে ধরেছিলেন তারেক মাসুদ। শিল্পকলা একাডেমির হলগুলোতে চলচ্চিত্র প্রদর্শন করা যায়- সে ধারণা দিয়েছিলেন তারেক।”
এই সভায় অন্যদের মধ্যে প্রজন্ম’৭১-এর সহসভাপতি ও মিশুক মুনীরের সহোদর আসিফ মুনীর, তারেক মাসুদের সহোদর নাহিদ মাসুদ ও অনল রায়হান উপস্থিত ছিলেন।
অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির পাশের সড়ক দুর্ঘটনা স্মৃতি স্থাপনা চত্বরে তারেক-মিশুক স্মরণে একটি অনুষ্ঠানের আয়োজন করে বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ। সেখানে আয়োজন করা হয় ‘কাগজের ফুল’ শীর্ষক স্মরণসভা ও চলচ্চিত্র প্রদর্শনীর।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন ও চলচ্চিত্র অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক এ যে এম শফিউল আলম ভুইঁয়া, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন ও ফিল্ম বিভাগের চেয়ারম্যান জুনায়েদ আহমদ হালিম উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতেই ছিল মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বালন। আলোচনা পর্ব শেষে সন্ধ্যা ৭ টায় দেখানো হয় তারেক মাসুদ নির্মিত ‘রানওয়ে’, ‘ফেরা’ ও ‘নরসুন্দর’ চলচ্চিত্রগুলো।
এছাড়াও প্রদর্শিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ ও তারেক মাসুদ সম্পর্কিত ছবিগুলো নিয়ে নির্মিত তথ্যচিত্র ‘বিনি সুতোয় গাঁথা’।
