২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় গাড়ি চোর চক্রের ৭ জন গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুর থেকে সংঘবদ্ধ গাড়ি চোর চক্রের সাত সদস্যকে গ্রেপ্তারের খবর জানিয়েছে র‌্যাব।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2016, 02:20 PM

Updated : 11 Oct 2022, 08:36 PM

শুক্রবার দিনব্যাপী অভিযান চালিয়ে মোহাম্মদপুরের তিনটি স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে র‌্যাব-২ এর উপপরিচালক মোহাম্মদ আলী আগারগাঁওয়ে ব‌্যাটালিয়ন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জানান।

গ্রেপ্তার ব‌্যক্তিরা হলেন- মিজান মিয়া, আজহারুল ইসলাম, ইসমাইল, মজনু মিয়া, আব্দুর রশিদ, তরিকুল ও আব্দুল হালিম।

র‌্যাব কর্মকর্তা মোহ্ম্মদ আলী বলেন, গাড়ি চোর চক্রের সদস্যরা একটি মাইক্রোবাস কেরানীগঞ্জ থেকে বেড়ি বাঁধ হয়ে সাভারের হেমায়েতপুর নিয়ে বিক্রি করবে বলে খবর পাওয়ার পর এই অভিযান চালানো হয়।

গাড়িটি ধরতে রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানের পাশে সড়কে একটি বিশেষ তল্লাশি চেৌকি বসায় র‌্যাব। আর তাতেই ধরা পড়ে গাড়িটি।

র‌্যাব কর্মকর্তা মোহাম্মদ আলী বলেন, “রাত পৌনে ৩টার দিকে একটি মাইক্রোবাস টেকপোস্ট পার হওয়ার সময় র‌্যাব সদস্যরা গাড়ির কাগজপত্র দেখতে চাইলে ড্রাইভার গাড়ির দ্বিতীয় আসনে বসা এক লোককে দেখিয়ে পালানোর চেষ্টা করে।”

ওই মাইক্রোবাসটি ঘিরে ফেলে র‌্যাব সদস্যরা তল্লাশি চালালে মিজান, আজহারুল ও ইসমাইল একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলিসহ গ্রেপ্তার হন।

তাদের দেওয়া তথ‌্যে মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পের গজনবী রোডে চালিয়ে আরও একটি মাইক্রোবাস, একটি প্রাইভেটকার উদ্ধার এবং দুজনকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব উপপরিচালক আলী বলেন, আটকরা তথ্য দেয় যে মোহাম্মদপুরের ঢাকা উদ্যানে আরও কিছু চোরাই গাড়ি রয়েছে। সেখানে অভিযান চালিয়ে ওই চক্রের দুজনকে আটক করা হয়। সেখানে একটি প্রাইভেটকার, একটি পিকআপ এবং একটি ছোট ট্রাক পাওয়া যায়।

তিনি বলেন, “এই চক্র দীর্ঘদিন ধরে গাড়ি চুরি করে সেগুলো বিক্রি ছাড়াও ছিনতাইসহ বিভিন্ন ধরনের অপরাধে ব‌্যবহার করে আসছিল।

“তারা ভাড়া নেওয়ার কথা বলে নিয়ে গাড়িটি ছিনতাই করত। এরপর গাড়িগুলো মফস্বলের বিভিন্ন এলাকায় বিক্রি করত। কখনও মালিকদের ফোন করে গাড়ির বিনিময়ে টাকা চাইত। তবে টাকা বুঝে পেলেও গাড়ি দিত না।”

এছাড়াও শুক্রবার রাতে ঢাকা উদ্যান থেকে সাইদুর রহমান রুবেল, শরীফুল ইসলাম সেন্টু, বাচ্চু মোল্লা নামে তিনজনকে আটক করেছে র‌্যাব।

সংবাদ সম্মেলনে বলা হয়, এরা ‘আন্তঃজেলা সিএনজি চোর চক্রের’ সক্রিয় সদস্য।