২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাদাকালো ফ্রেমে মুক্তির সংগ্রাম, বাঙালির নেতা

জাতীয় শোকের মাসে ‘বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা’ শিরোনামে একটি আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেছে বাংলা একাডেমি, যেখানে মূর্ত হয়ে উঠেছে বাঙালির মুক্তি আন্দোলনের সূচনা থেকে বিজয়ের লগ্ন।

জয়ন্ত সাহা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2016, 08:28 PM

Updated : 11 Oct 2022, 08:36 PM

পুরনো খবর:

বঙ্গবন্ধুকে নিয়ে বললে বাংলাদেশের কথা হয়ে যায়: মুহিত

বাংলাদেশের মুক্তি সংগ্রামের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক জীবনের নানা দিক, মুক্তি আন্দোলনে তার ভূমিকা, নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধ, মুক্তিযুদ্ধকালীন হত্যাযজ্ঞ-ধ্বংসলীলা ও বাঙালির বিজয় মুহূর্তের ১৪১টি ছবি নিয়ে সাজানো হয়েছে প্রদর্শনী।

বাংলা একাডেমির ড. মুহম্মদ এনামুল হক ভবনে ভাস্কর নভেরা প্রদর্শনী কক্ষে শুক্রবার বিকালে এই প্রদর্শনীর উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। অনুষ্ঠানে ছিলেন অধ্যাপক আনিসুজ্জামান, বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান ও এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি কাজী আকরামউদ্দিন আহমেদ।

বাংলা একাডেমি ও আর্কাইভ-৭১ এর যৌথ আয়োজনে প্রদর্শনীটি চলবে ১৯ অগাস্ট পর্যন্ত।

প্রদর্শনীর প্রথম ছবিটি বঙ্গবন্ধুর একটি পোর্ট্রেট। ১৯৫৪ সালের নির্বাচনের আগে পোস্টারের জন্য তোলা ওই ছবি সত্তরের দশকে অন্তত ১২ বার ‘রাজবন্দির মুক্তি চাই’ শিরোনামে পোস্টারে ব্যবহৃত হয়।

প্রদর্শনীতে এরপরের ছবিগুলোতে উঠে এসেছে ইতিহাসের নানা ঘটনাক্রম। ১৯৫৪ সালের প্রাদেশিক পরিষদের নির্বাচনকালীন প্রস্তুতি, ’৬২ থেকে ’৬৯ অধিকারের দাবিতে বাঙালির গণজোয়ারের উত্তাল দিনের চিত্র স্থান পেয়েছে প্রদর্শনীতে।

সাদাকালো ছবিতে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার নানা সময়ের গল্পের মুহূর্তও উঠে এসেছে। মুক্তিযুদ্ধের আগে বঙ্গবন্ধুর বিদেশি কূটনীতিক ও সাংবাদিকদের দেওয়া বিভিন্ন সাক্ষাৎকারের মুহূর্তও ঠাঁই পেয়েছে প্রদর্শনীতে।

বঙ্গবন্ধু বলেছিলেন, “বাঙালি-অবাঙালি-হিন্দু-মুসলমান বিভেদ করা চলবে না। কেউ শান্তি নষ্ট করলে তা মুজিবুর সহ্য করবে না।”

জাতির জনকের সেই ভাষণের ছবিটির দেখা মিলেছে এক কোণায়।

বাঙালির স্বাধিকার আন্দোলন ও সত্তরের নির্বাচন, তারপর সেই ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ সবই যেন জীবন্ত হয়ে উঠেছে সাদাকালো ফ্রেমে।

একাত্তরের ২৫ মার্চ রাতের ভয়াল বিভীষিকা, এরপর দেশজুড়ে নির্বিচারে গণহত্যা, ধর্ষণ ও ব্যাপক ধ্বংসযজ্ঞ- প্রদর্শনীতে প্রজন্ম-৭১ এর উদ্যোগে সেসব ছবিও এসেছে সময়ের স্মৃতি নিয়ে।

মুক্তিযুদ্ধকালে মানবতার চরম বিপর্যয়ের অধ্যায় উঠে এসেছে; একটি ছবিতে দেখা যায় ‘জয় বাংলা’ বলার অপরাধে একটি শিশুকে গুলি করে হত্যা করছে পাকিস্তানি সেনারা। ধর্ষিতা মায়ের মুখচ্ছবি মনে করিয়ে দেয় স্বাধীনতার জন্য জাতির ত্যাগ।

আলোকচিত্রে উঠে এসেছে মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকারের নানা কার্যক্রম, গেরিলা যুদ্ধ, যৌথ বাহিনীর অপারেশন ও বিজয়পথে ক্রমেই এগিয়ে যাওয়া বীর বাঙালির গল্প।

সবকিছু ছাপিয়ে বাঙালি যখন বিজয়রথে আসীন হল, বিজয় মুহূর্তের সেই ঐতিহাসিক ছবিটি ঠাঁই পেয়েছে শেষ ছবি হিসেবে।