২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধুকে নিয়ে বললে বাংলাদেশের কথা হয়ে যায়: মুহিত

বাঙালির স্বাধীনতা সংগ্রামের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা বললে বাংলাদেশের কথা বলা হয়ে যায় বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2016, 08:43 PM

Updated : 11 Oct 2022, 08:36 PM

পুরনো খবর:

সাদাকালো ফ্রেমে মুক্তির সংগ্রাম, বাঙালির নেতা

জাতীয় শোকের মাসে শুক্রবার বাংলা একাডেমিতে ‘বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা’ শিরোনামে একটি আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করতে এসে একথা বলেন তিনি।

আওয়ামী লীগ নেতা মুহিত বলেন, “আমরা যখন বাংলাদেশের কথা বলি তখন আমাদের বঙ্গবন্ধুর কথা বলতে হয়, যখন বঙ্গবন্ধুর কথা বলি তখন বাংলাদেশের কথা বলা হয়ে যায়। এজন্যই ব্রিটিশ সাংবাদিক ডেভিড ফ্রস্ট বলেছিলেন, ‘এই নেতার সঙ্গে তার দেশের কোনো বিভেদ নেই, তার সত্ত্বাই তার জাতির সত্তা’।”

অর্থমন্ত্রী বলেন, “বঙ্গবন্ধুর ইচ্ছা ছিল সোনার বাংলা গড়ে তোলা। সেটি তিনি সম্পূর্ণ করে যেতে পারেননি। তার সুযোগ্য কণ্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা সেই অসমাপ্ত কাজটি শেষ করতে চলেছি। আশা করি, ২০২৪ সালের মধ্যে আমরা বাংলাদেশকে একটি ‘সোনার বাংলাদেশ’ হিসেবে গড়ে তুলতে পারব।”

বাংলা একাডেমির ড. মুহম্মদ এনামুল হক ভবনে ভাস্কর নভেরা প্রদর্শনী কক্ষে শুরু হওয়া সপ্তাহব্যাপী এই প্রদর্শনীতে বাংলাদেশের মুক্তি সংগ্রামের নেতা বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনের নানা দিক, মুক্তি আন্দোলনে তার ভূমিকা, নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধ, মুক্তিযুদ্ধকালীন হত্যাযজ্ঞ-ধ্বংসলীলা ও বাঙালির বিজয় মুহূর্তের ১৪১টি ছবি নিয়ে সাজানো হয়েছে।

স্বাগত ভাষণে বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান বলেন, “এ ধরনের আলোকচিত্র প্রদর্শনের মাধ্যমে বঙ্গবন্ধুর বহুমাত্রিকতা সম্পর্কে আমরা জানতে পারি। বঙ্গবন্ধু এখনও আমাদের কাছে সম্পূর্ণ আবিষ্কৃত বা উন্মোচিত নন। আলোকচিত্র, চলচ্চিত্র, তথ্যচিত্র এবং এ ধরনের নানা অনুষঙ্গের মধ্য দিয়ে আমরা বঙ্গবন্ধুকে নতুন প্রজন্মের কাছে উপস্থাপন করতে পারি।”

এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি কাজী আকরামউদ্দিন আহমেদ বলেন, “সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু আমাদের রাজনৈতিক ও ভৌগোলিক মুক্তি দিয়ে গেছেন। ধ্বংসস্তূপ থেকে একটি জাতিকে তিনি অর্থনৈতিক মুক্তির দিকে এগিয়ে নিয়ে যেতে চেয়েছিলেন| কিন্তু কুচক্রী মহল বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে সেই অর্থনীতির চাকাকে অন্যদিকে ঘুরিয়ে দিল।”

সভাপতির বক্তব্যে অধ্যাপক আনিসুজ্জামান বলেন, “প্রদর্শনীতে সাদাকালো আলোকচিত্রে উঠে এসেছে সেই ব্যক্তির আলেখ্য, যিনি বাংলাদেশ নামক ভূখণ্ডের জন্ম দিয়েছেন। বাংলাদেশের জনগণকে স্বায়ত্তশাসন ও স্বাধীনতার পথে চলতে শিখেয়েছেন।

“বঙ্গবন্ধুকে আগামী প্রজন্ম যাতে ঠিকভাবে চিনতে পারে এবং বুঝতে পারে সেজন্য বঙ্গবন্ধুকে সঠিকভাবে উপস্থাপন করা প্রয়োজন।”