কবি রফিক নওশাদ আর নেই
দীর্ঘদিন ধরে ক্যান্সার আক্রান্ত সত্তরের দশকের অন্যতম কবি রফিক নওশাদ ভারতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
বৃহস্পতিবার ভোর রাতে কলকাতার একটি হাসপাতালে তার মৃত্যু হয়।
ক্যান্সারে আক্রান্ত হয়ে সিঙ্গাপুর ও ভারতে চিকিৎসা নেওয়া রফিক নওশাদের মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৮ বছর।
রফিক নওশাদের আসল নাম সৈয়দ রফিকুল হোসেন। ফরিদপুর জেলার লক্ষ্মীপুরে ১৯৪৮ সালের ২৫শে এপ্রিল জন্ম হলেও তার দাদাবাড়ি বিক্রমপুর। বেড়ে উঠেছেন ঢাকার বাসাবো এলাকায়।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে সম্মানসহ স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তিনি।
রফিক নওশাদ ছাত্রাবস্থা থেকে গল্প, কবিতা ও প্রবন্ধ লিখে এসেছেন। ষাটের দশকের শেষদিকে লেখালেখিতে বিশেষভাবে সক্রিয় হয়ে ওঠার পর থেকেই তার ‘কবি’ পরিচিতি প্রধান হয়ে ওঠে। এ পর্যন্ত তার তিনটি কাব্যগ্রন্থ ও একটি সম্পাদিত-গ্রন্থ প্রকাশিত হয়েছে।
একাত্তরের মার্চে বাংলাদেশ লেখক সংগ্রাম শিবিরের অন্যতম সংগঠক ছিলেন রফিক নওশাদ। মুক্তিযুদ্ধকালে তিনি কলকাতায় গিয়ে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রসহ বিভিন্ন অনুষ্ঠানে সাহিত্য ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে স্বাধীনতা সংগ্রামে অংশ নেন।
যুদ্ধোত্তর বাংলাদেশের নাট্যান্দোলনে তিনি পালন করেছিলেন সক্রিয় সংগঠকের ভূমিকা। নাট্যদল ‘বহুবচন’ ও ‘নাট্যচক্র’-এর তিনি ছিলেন প্রতিষ্ঠাতা সদস্য। সম্পাদনা করেছেন গল্পগ্রন্থ-‘সূচিপত্র’ (১৯৭১-৭৩) ও কবিতাপত্র- ‘কালপুরুষ’ (১৯৭২-৭৪)।
সত্তরের দশকে বাংলাদেশের কবিতা আন্দোলনে ‘যুগযোদ্ধার’ অনন্য ভূমিকা পালনকারী কবি রফিক নওশাদ শিক্ষা-জীবন শেষে যুক্ত হয়েছিলেন অধ্যাপনা পেশায়, যোগ দিয়েছিলেন ক্যাডেট কলেজে।
২০১৪ সালে প্রথম দফায় ক্যান্সার আক্রান্ত হওয়ার পর সুস্থ হলে তিনি ‘কারুকাজ’ পত্রিকায় ধারাবাহিকভাবে স্মৃতিকথাধর্মী আত্মোপন্যাস-‘দিনগুলি মোর’ লিখে যান। তবে ‘দিনগুলি মোর’-এর ১২টি পর্ব লেখার পর দ্বিতীয় দফায় আবার অসুস্থ হলে লেখাটিতে আকস্মিকভাবে ছেদ পড়ে।
