২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মজুরি বাড়ানোর দাবি শান্তিপূর্ণভাবে জানাতে হবে: নৌমন্ত্রী

ন্যূনতম মজুরি বাড়ানোর দাবি জানানোর প্রয়োজন হলে মালিক পক্ষকে তা দাঙ্গা-হাঙ্গামা ছাড়া জানাতে তৈরি পোশাক খাতের শ্রমিকদের প্রতি আহ্বান জানিয়েছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2016, 11:32 PM

Updated : 12 Apr 2022, 02:38 AM

বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকায় গার্মেন্টস শ্রমিক সমন্বয় পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় শ্রমিকদের বক্তব্যের প্রেক্ষাপটে তিনি বলেন, “২০১৩ সালে গার্মেন্টস শ্রমিকদের মজুরি বাড়ানো হয়েছিল। নিয়ম অনুযায়ী এ বছরের অক্টোবরে মজুরি বাড়ানোর কথা বলতে হবে।

“এবারে ন্যূনতম মজুরি কত হবে, তার একটা অংক ঠিক করে ঐক্যবদ্ধ হয়ে শান্তিপূর্ণভাবে মালিকদের কাছে জানাতে হবে।”

রাজধানীর সেগুনবাগিচার স্বাধীনতা হলে ‘জঙ্গিবাদ রুখো, গার্মেন্টস শ্রমিক ও শিল্প রক্ষা কর’ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে গার্মেন্টস শ্রমিক সমন্বয় পরিষদ।

এতে মন্ত্রী শাজাহান খান বলেন, “যেহেতু দাবির (বেতন-ভাতা বাড়ানোর) ব্যাপারটি সামনে এসে পড়েছে, সুতরাং দাবি জানাতে হবে। এর জন্য দাঙ্গা-হাঙ্গামা করা যাবে না। গার্মেন্টস কারখানায় ভাংচুর বা অগ্নিসংযোগ না হয় সে দিকে খেয়াল রাখতে হবে।

“দাঙ্গা-হাঙ্গামা ছাড়া ঐক্যবদ্ধভাবে দাবি জানাতে হবে। ঐক্যবদ্ধভাবে দাবি জানালে অবশ্যই আদায় হবে। দাঙ্গা-হাঙ্গামা করে যদি দাবি আদায় হতো, তাহলে খালেদা জিয়া বিজয় অর্জন করতো।”

জঙ্গি দমনে বাংলাদেশ বিশ্বের কাছে ‘রোল মডেল’ বলে সভায় মন্তব্য করেন নৌমন্ত্রী।

“জঙ্গি দমনে বাংলাদেশ বিশ্বের কাছে রোল মডেল। বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধভাবে জঙ্গিদের প্রতিরোধ করেছে। ঐক্যবদ্ধ জনগণ তাদের ক্ষমতার প্রমাণ দিয়েছে।”

জঙ্গিবাদের বিরুদ্ধে আগামী ২৮ অগাস্ট মতিঝিল শাপলা চত্বরে জাতীয় পতাকা, লাল পতাকা ও মুক্তিযোদ্ধাদের পতাকা হাতে নিয়ে সমাবেশ করা হবে বলে জানান তিনি।

শ্রমিক নেতা জেড এম কামরুল আনামের সভাপতিত্বে এই আলোচনা সভা হয়।