২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদীয় কমিটিতে এলেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল

সংসদীয় কমিটির উষ্মা প্রকাশের পর ডাকে সাড়া দিয়েছে সুপ্রিম কোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2016, 09:33 PM

Updated : 20 Aug 2022, 01:25 PM

সর্বোচ্চ আদালতের প্রতিনিধি হিসেবে দীর্ঘদিন পর রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম বৃহস্পতিবার সংসদীয় কমিটির বৈঠকে অংশ নিয়েছেন।

সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর সুবিধা সংক্রান্ত ‘সুপ্রিম কোর্ট জাজেস (লিভ, পেনশন অ্যান্ড প্রিভিলেজেস) (সংশোধন) বিল- ২০১৫’ নিয়ে আলোচনায় বিচার বিভাগের প্রতিনিধি হিসেবে অংশ নেন তিনি।

এর আগে বিচারপতিদের বেতন ভাতা বৃদ্ধি সংক্রান্ত বিলে আলোচনার জন্য অংশ নিয়ে সংসদীয় কমিটির থেকে আমন্ত্রণ জানানো হলেও তাতে সুপ্রিম কোর্ট সাড়া দেয়নি।

বিষয়টি নিয়ে গত ২৪ জুলাই আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত সংসদে ক্ষোভও প্রকাশ করেন।

সুপ্রিম কোর্টের প্রতিনিধির অনুপস্থিতির কারণে বিলটি পরীক্ষা-নিরীক্ষা করে প্রতিবেদন দিতে দেরি হয় বলেও সংসদে জানান সুরঞ্জিত।

বৃহস্পতিবার সংবাদ সম্মেলনেও তিনি বলেন, “বিচারপতিদের অবসর ভাতা সংক্রান্ত বিলটি গত বছরের জুন মাসে সংসদে উত্থাপিত হয়। এই দীর্ঘ সময়ের মধ্যে বিলটি নিয়ে ৬ বার আলোচনা হয়েছে। যাদের নিয়ে এই বিল তাদের পক্ষ থেকে তো কাউকে আসতে হবে। কিন্তু সংসদীয় কমিটি আমন্ত্রণ জানালেও তারা বৈঠকে আসেনি।

“বর্তমান বিচারপতি দায়িত্ব নেওয়ার পর থেকে রেজিস্ট্রার জেনারেলের বৈঠকে আসা বন্ধ করে দিয়েছেন। এর আগে তাদের বেতনভাতা সংক্রান্ত বিল নিয়ে আলোচনার সময়েও তারা আসেননি। তারা মনে করছেন, সংসদে গেলে সুপ্রিম কোর্টের অবমাননা হবে। এটা নিয়ে তাদের মধ্যে ভুল বোঝাবুঝি ছিল। এই বৈঠকে অংশ নেওয়ার মধ্য দিয়ে তার অবসান ঘটল।”

সংসদীয় কমিটির বৈঠকে সুপ্রিম কোর্টের প্রতিনিধির অংশগ্রহণের মধ্য দিয়ে ‘সংবিধানের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা ও জাতীয় সংসদের জয়’ হয়েছে বলেও মন্তব‌্য করেন সুরঞ্জিত।

সুরঞ্জিতের সভাপতিত্বে বৈঠকে আইনমন্ত্রী আনিসুল হক, তাজুল ইসলাম চৌধুরী, আবদুল মতিন খসরু, সাহারা খাতুন, শামসুল হক টুকু, আব্দুল মজিদ খান ও সফুরা বেগম অংশ নেন।

বৈঠকে বিশেষ আমন্ত্রণে উপস্থিত ছিলেন সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি মহীউদ্দীন খান আলমগীর।

পুরনো খবর:

বৈঠকে সুপ্রিম কোর্টের প্রতিনিধির না আসা অনভিপ্রেত: সংসদীয় কমিটি