২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘রামপাল বিরোধিতায়’ সুলতান জন্মজয়ন্তী পালন

চিত্রশিল্পী এস এম সুলতানের জন্মদিনে ‘সুন্দরবন জাগাও–সুলতান জন্মজয়ন্তী ২০১৬’ শিরোনামের আয়োজনে এই কিংবদন্তিকে স্মরণ করেছেন তার ভক্ত অনুরাগীরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2016, 11:33 PM

Updated : 25 Jul 2022, 09:29 PM

বুধবার সুলতানের ৯৩তম জন্মদিনের বৃষ্টিস্নাত বিকালে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে সমাবেশের আয়োজন করে ‘সর্বপ্রাণ সাংস্কৃতিক শক্তি’।

এই আয়োজনে সুন্দরবনের কাছে রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের বিরোধিতাও করে সংগঠনটি।

এর আগে কিংবদন্তি চিত্রশিল্পী সুলতানের আঁকা চিত্রকর্ম নিয়ে মঙ্গল শোভাযাত্রা জাতীয় জাদুঘর থেকে শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য‌্য ও অপরাজেয় বাংলা ঘুরে সেখানেই শেষ হয়।

পরে সেখানে নাট্যদল প্রাচ্যনাট, বটতলা ও তীরন্দাজ রেপার্টরির পরিবেশনা চলে।

সুলতানকে নিয়ে স্মৃতিচারণ করতে গিয়ে একটি লিখিত ব্ক্তব্য পাঠিয়েছিলেন প্রবীণ শিল্পী মুর্তজা বশীর। সেটি পাঠ করেন বটতলা নাট্যদলের কাজী রুকসানা রুমা।

সমাবেশে বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বন সুন্দরবন ‘রক্ষায়’ নানা ব্যানার-ফেস্টুন হাতে একঝাঁক তরুণ রাজনৈতিক কর্মীকে দেখা যায়।

সেসব ব্যানারে লেখা ছিল- ‘সুন্দরবন জুড়ে কাঁটাতার দিলে, চিড়িয়াখানার শিশু বানর কাঁদে, মা হরিণ কাঁদে’, ‘রূপপুর– বাঁশখালী-রামপাল পুঁজিবাদের আণবিক-দানবিক কার্বনখানা হতে দেব না।’

এক তরুণী তার ব্যানারে লিখেছেন, ‘বাঁচবো না আর মূর্খতার আলোর উচ্ছ্বাসে, বাঁচবো মোরা প্রাণ প্রকৃতির নিঃশ্বাসে।’

আয়োজনের শেষ দিকে সর্বপ্রাণ সাংস্কৃতিক শক্তির পক্ষ থেকে লিখিত বক্তব্য পড়ে শোনান করেন আহমেদ মুনীরুদ্দিন তপু।

এতে বলা হয়, “যে শিল্পীরা আমাদের বাংলার মুখ দেখিয়েছেন, আমরা এ দেশে তাদের মুখ দেখতে চাই। তা কেবল অনুষ্ঠানে আচারে নয়, জীবনের অধিষ্ঠানে। জয়নুল-কামরুল-সুলতান-নভেরার মতো পথিকৃৎ শিল্পীদের জন্মদিনে এদেশের মানুষেরা তাদের ছবি দেখুক, বাংলার মুখছবিটা জেগে থাকুক।”

সুন্দরবনের কাছে রামপাল তাপবিদ্যুৎ প্রকল্প বসিয়ে মাটি-নদী-বন-জল জীবনকে কার্বনখানায় পরিণত করার আয়োজন চলছে বলে দাবি করা হয় বক্তব্যে।

সংগঠনটি বলছে, “রূপপুরে আণবিক দানব ডেকে আনার আয়োজন চলছে, বাঁশখালীকেও বানানো হচ্ছে কার্বনখানা। হিমালয় থেকে সুন্দরবনের এই বাংলাদেশে আজ একদিকে জঙ্গিবাদের নৃশংসতা, আরেক দিকে দেশে দিশাহীন উন্নয়নের আত্মঘাতী মূঢ়তা।

“সমাজের এই চরম সঙ্কটে দেশের ক্রান্তিলগ্নে শিল্পকলাই সর্বপ্রাণের সংগ্রামের ভাষা জোগাতে পারে। অবরুদ্ধতার অবসানে সংস্কৃতি-রাজনীতি-নির্মাণে এই সংগ্রামের কোনো বিকল্প নেই।”

সুলতানের জন্মবার্ষিকীর এই আয়োজনে সাম্প্রদায়িক সন্ত্রাসের হত্যাযজ্ঞ ও ‘উন্নয়নের নামে ধ্বংসযজ্ঞ’ মোকাবেলায় গণমানুষের অংশগ্রহণে শিল্প-দর্শনের সাধনা ও সাংস্কৃতিক সংগ্রামকে এগিয়ে নেওয়ার শপথ নেন সাংস্কৃতিক কর্মীরা।

পুরনো খবর:

সুলতান জন্মজয়ন্তীতে ‘ছবির মিছিল গানের মিছিল’